চুয়াডাঙ্গা সদর উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা পাওয়ায় সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন ১১টি প্রকল্পের সভাপতিকে আত্মসাৎ করা অর্থ সরকারি খাতে জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ১১টি প্রকল্পের সভাপতিরা হলেন তিতুদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকতার হোসেন, একই ইউপির সদস্য মনিরুজ্জামান, মঈনউদ্দিন শেখ, শাহার বানু; বেগমপুর ইউপির সদস্য আবদুল খালেক, ইছাহক আলী; কুতুবপুর ইউপির সদস্য মকলেচুর রহমান, মোমিনুল ইসলাম, সেলিমুজ্জামান; পদ্মবিলা ইউপির সদস্য মাসুদ রানা ও রবগুল আলম।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে জানা গেছে, ২০১২-২০১৩ অর্থবছরে টিআর কর্মসূচির আওতায় দ্বিতীয় পর্যায়ে ১৩৫ দশমিক ৮০২ মেট্রিক টন খাদ্যশস্য (গম) কবরস্থান, মসজিদ, ক্লাব ও রাস্তা উন্নয়নের ৫০টি প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়। ২০১২ সালের ১০ অক্টোবর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও ও পিআইও এসব প্রকল্পের অনুমোদনপত্রে সই করেন। এর মধ্যে ১১টি প্রকল্পের সভাপতিরা নামমাত্র কাজ করেন এবং ভুয়া প্রকল্প দেখিয়ে খাদ্যশস্য বিক্রি করে অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে। এর মধ্যে কুতুবপুর ইউপির সদস্য মোকলেচুর রহমান পাইনক্লাবের দেয়াল প্লাস্টারের নামে তিন মেট্রিক টন ও সেলিমুজ্জামান আত্মপ্রত্যয় ক্লাবের ঘর প্লাস্টারের নামে দুই মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ নেন। কিন্তু বাস্তবে ক্লাব দুটির অস্তিত্ব পাওয়া যায়নি। ইউপি সদস্য মোমিনুল ইসলাম ঈদগাহ মেরামত ও রং করার নামে দায়সারাভাবে কাজ করেন। একইভাবে অন্যান্য প্রকল্পের সভাপতিরা প্রকল্পের অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা পাওয়ায় ইউএনও তাঁদের আত্মসাৎ করা অর্থ ফেরত দেওয়ার জন্য নোটিশ দেন। ইউএনও আবুল আমিন বলেন, অনিয়ম ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত প্রকল্প চেয়ারম্যানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।