কুমিল্লার বরুড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে স্থানীয় সাংসদের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটিতে যোগ দেওয়া ১১ জন সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত বৃহস্পতিবার বরুড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। আগামী ১৫ দিনের মধ্যে ওই নোটিশের জবাব দিতে হবে। অন্যথায় তাঁদের বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হবে।একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংসদসহ ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে চিঠি দিয়ে বিষয়টি অবহিত করা হবে।সম্প্রতি কুমিল্লা-৮ আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরী উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি থাকা সত্ত্বেও নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করায় ওই সভা ডাকা হয়।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হাকিম বলেন, গত ২০ নভেম্বর কোনো ধরনের সভা না ডেকে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে না জানিয়ে স্থানীয় সাংসদ তাঁর অনুগত কয়েকজন নেতা-কর্মী নিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করেন। এর মধ্যে ১১ জন পূর্ণাঙ্গ কমিটির বিভিন্ন পদে রয়েছেন। তাই কার্যনির্বাহী কমিটি সভা করে তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে।সাংসদ নাছিমুল আলম চৌধুরীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।