লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গুলিতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল জলিল নিহত হওয়ার ঘটনায় পুলিশের আট সদস্যসহ ১১ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত সোমবার মামলার তদন্ত কর্মকর্তা রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সোলেমান চৌধুরী তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। এ ছাড়া ওই ঘটনা তদন্তে গঠিত কমিটির কাছে গতকাল মঙ্গলবার লিখিত জবানবন্দি দিয়েছেন মামলার বাদী রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল হক।
গত বৃহস্পতিবার রাত একটার দিকে লক্ষ্মীপুরের রায়পুর থানার মূল ফটকের কাছে রাস্তার পাশে দেলোয়ারের চায়ের দোকানে গুলিবিদ্ধ হন এএসআই আবদুল জলিল। পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে তিনি মারা যান। তিনি লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইনের আর্মস ব্রাঞ্চে (অস্ত্র শাখা) কর্মরত ছিলেন। এ ঘটনায় রায়পুর থানার এসআই জহিরুল হক বাদী হয়ে শুক্রবার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।
গতকাল মামলার বাদী রায়পুর থানার এসআই জহিরুল হকের কাছ থেকে লিখিত জবানবন্দি নেয় হত্যার ঘটনা তদন্তে গঠিত কমিটি। এর আগে সোমবার লক্ষ্মীপুর পুলিশ লাইনে কর্মরত উপপরিদর্শক মো. হুমায়ুন কবির, একজন হাবিলদার, একজন সুবেদার ও চার পুলিশ সদস্যকে প্রায় দুই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী কর্মকর্তা। এ ছাড়া চায়ের দোকানদার দেলোয়ার হোসেন, প্রত্যক্ষদর্শী শিবু বাবু ও আলতাফ হোসেনকে থানায় ডেকে জবানবন্দি নেওয়া হয়।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, দেলোয়ারের চায়ের দোকানটি থানার সীমানাপ্রাচীরের সঙ্গেই। সীমানাপ্রাচীরের পর ওসির বাসভবন। ঘটনার সময় দোকানের সামনে ১৫-২০ জন পুলিশ সদস্য দাঁড়িয়ে ছিলেন। এ অবস্থায় দুর্বৃত্তরা গুলি করলে আবদুল জলিলের গায়ে লাগার কথা নয়। তাঁর সঙ্গে ছিল এসএমজি। তাঁর বুকের নিচে ও পেটে শটগানের গুলির চিহ্ন ছিল। ঘটনার সময় কাছেই অন্য পুলিশ সদস্যদের কাছে শটগান ছিল।