১১ জনের কমিটিতে নয়জনই বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলনের তিন বছর পর গত রোববার চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জনের কমিটির নয়জনই বিবাহিত এবং তাঁরা সবাই সন্তানের জনক। কমিটিতে নিয়মিত ছাত্র আছেন কেবল একজন। সংগঠনের কর্মীরা এ কমিটিকে ‘বাবাদলের কমিটি’ বলে মন্তব্য করছেন।
কেন্দ্রীয় ছাত্রদল রোববার সন্ধ্যায় ঢাকা থেকে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করে। নতুন কমিটির সভাপতি গাজী সিরাজ উল্লাহ এবং সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন। কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মাঈনউদ্দিন শহীদ, সহসভাপতি জসিমউদ্দিন চৌধুরী, ফজলুল হক ও জিয়াউর রহমান এবং সাংগঠনিক সম্পাদক এইচ এম রাশেদ। যুগ্ম সম্পাদক করা হয়েছে মোশাররফ হোসেন, জালালউদ্দিন সোহেল, আলী মর্তুজা খান ও জমিরউদ্দিন নাহিদকে।
খোঁজ নিয়ে জানা গেছে, সাংগঠনিক সম্পাদক এইচ এম রাশেদ এবং যুগ্ম সম্পাদক জালালউদ্দিন সোহেল ছাড়া কমিটির বাকি সবাই বিবাহিত। তাঁদের মধ্যে মাঈনউদ্দিন শহীদ দুই সন্তানের এবং বাকি আটজন একজন করে সন্তানের জনক। সাংগঠনিক সম্পাদক এইচ এম রাশেদই কেবল নিয়মিত ছাত্র।
এদিকে কমিটি ঘোষণার পর ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ কর্মীরা গতকাল সোমবার দুপুরে দলীয় কার্যালয় নাসিমন ভবন থেকে নিউমার্কেট পর্যন্ত মিছিল করেন। এ সময় কিছু গাড়িও ভাঙচুর করা হয়।
নগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন মো. রবিউল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঘোষিত ১১ জনের কমিটিতে আমরা কেবল একজন নিয়মিত ছাত্র পেয়েছি। বাকি ১০ জনই অছাত্র এবং তাঁদের মধ্যে আবার নয়জন বিবাহিত। এই কমিটি দিয়ে সরকারবিরোধী আন্দোলন চাঙা করা যাবে কি না আমার সন্দেহ।’
নগর কমিটিতে সদস্যপদপ্রত্যাশী ও কমার্স কলেজ স্নাতকোত্তরের ছাত্র সোহেল ইসলাম বলেন, ‘নতুন কমিটিতে চাঁদাবাজ ও নারী নির্যাতনকারীও আছেন বলে আমরা শুনেছি। সবার গড় বয়স ৩৮ বছরের ওপরে। আমাদের অনেকে ঘোষিত কমিটিকে বাবা দলের কমিটি বলে হাসিঠাট্টা করছেন।’
নতুন কমিটি সম্পর্কে জানতে সভাপতি গাজী সিরাজউল্লাহ গতকাল প্রথম আলোকে বলেন, ‘বড় দায়িত্ব পাওয়ার আশায় আমরা আট-দশ বছর পর্যন্ত অপেক্ষা করেছি। এর ফাঁকে অনেকেই চুরি করে বিয়ে করেছেন। আমিও করেছি। তবে আমরা দলের জন্য অনেক কিছু ত্যাগ করেছি।’