রংপুরে মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় ১৮৪ জন আসামির মধ্যে ১৭৩ জনকে মামলা থেকে অব্যাহতি দিয়ে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় মুখ্য বিচারিক হাকিমের আদালতের বিচারক মো. মনসুর আলম এ আদেশ দেন।
অভিযুক্ত ১১ জন হলেন বিজি প্রেসের সহকারী পরিচালক খন্দকার মোহাম্মদ আলী, গোপনীয় শাখার কম্পোজিটর শহীদুল ইসলাম ও এ টি এম মোস্তফা, মোস্তফার স্ত্রী লাবনী আক্তার ওরফে কোহিনুর, বাইন্ডার আবদুল জলিল, সরকারি প্রিন্টিং প্রেসের (জিপি) বাইন্ডার হামিদুল ইসলাম, নীলফামারীর কিশোরগঞ্জের মাহফুজার রহমান, রংপুরের খলেয়া গঞ্জিপুর এলাকার আতিকুর রহমান, সফিউর রহমান, ফিরাজুল হক ও রফিকুল ইসলাম।
২০১০ সালের ৮ জুলাই গঙ্গাচড়া উপজেলার বিনোদনকেন্দ্র ভিন্নজগতে ৩৮টি জেলা থেকে আসা চাকরিপ্রত্যাশীরা প্রশ্নপত্র কিনতে জড়ো হন। পুলিশ অভিযান চালিয়ে ১৬৭ জনকে আটক ও পরদিন তাঁদের বিরুদ্ধে মামলা করেন গঙ্গাচড়া থানার উপপরিদর্শক (এসআই) রবিউল আলম। ২০১১ সালের ১৪ জানুয়ারি মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়। এক বছর সাড়ে আট মাস পর তদন্ত শেষে গত বছরের ২৮ আগস্ট সিআইডির এসআই আজিজুল ইসলাম মুখ্য বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র জমা দেন।