চাঁদপুর-২ আসনের সাংসদ এম রফিকুল ইসলামের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএ) মো. খবির হোসেন (৩৮) হত্যা মামলায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। গত রোববার বিকেলে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান এই অভিযোগপত্র দাখিল করেন।পুলিশ সূত্রে জানা গেছে, মামলার এজাহারভুক্ত নয়জন আসামি এবং এজাহারবহির্ভূত দুই ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তাঁদের প্রায় সবার বাড়ি উপজেলার বাইশপুর গ্রামে।পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, মামলার প্রধান আসামি দুলাল দেওয়ানসহ মোট নয়জন জামিনে রয়েছেন। চাঁদপুর কারাগারে রয়েছেন সোহেল সরকার ও সাগর বেপারী নামের দুই আসামি।২০১১ সালের ২৯ আগস্ট উপজেলা সদরের টিঅ্যান্ডটি এলাকায় দুর্বৃত্তরা খবিরকে কুপিয়ে জখম করে। ৪ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৩০ আগস্ট তাঁর বড় ভাই মোশারফ হোসেন বাদী হয়ে নয়জনকে আসামি করে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। মামলাটি পরে হত্যা মামলায় রূপান্তরিত হয়।