লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়ায় যুবলীগের কর্মী ওয়াজেদ চৌধুরী হত্যার ঘটনায় গতকাল শুক্রবার জেলা ছাত্রলীগের সহসভাপতি নিজাম উদ্দিনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওয়াজেদের বাবা আবদুল ওয়াদুদ সদর থানায় এ মামলা করেন।মামলার অপর আসামিরা হলেন: মনির হোসেন, ফখরুল ইসলাম, জাকির হোসেন, রায়হান হোসেন, লিটন হোসেন, মো. মোহন, রায়হান প্রকাশ, সায়ফুল ইসলাম, মো. সেলিম ও মো. তুষার।আবদুল ওয়াদুদ অভিযোগ করেন, গত সোমবার বিকেলে চন্দ্রগঞ্জ বাজার থেকে নিজাম উদ্দিনের নেতৃত্বে কয়েকজন লোক ওয়াজেদকে অপহরণ করে। পরে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। বুধবার সন্ধ্যায় তাঁর পরিবারের পক্ষ থেকে নিজামকে তিন লাখ টাকা দেওয়া হয়। এর পরও ওই দিন রাতে তারা ওয়াজেদকে বেধড়ক পেটায়। পরে তারা ওয়াজেদকে হাজিরপাড়া বাজারের পূর্ব পাশের রাস্তায় ফেলে যায়। রাতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কথা বলতে যোগাযোগের চেষ্টা করেও নিজামকে পাওয়া যায়নি।