১১ জনের মনোনয়নপত্র জমা আ.লীগ-জাপার ভিন্ন প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের উপনির্বাচনে গতকাল রোববার মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীসহ ব্রাহ্মণবাড়িয়ায় মোট পাঁচজন এবং হবিগঞ্জে ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।নির্বাচনী তফসিল অনুযায়ী, দুই আসনে গতকাল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১১ জানুয়ারি প্রত্যাহার এবং ২৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।জানা গেছে, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের প্রার্থী রবিউল আলম মো. উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব। কমিশনের কুমিল্লা কার্যালয়ের উপ-নির্বাচন কমিশনার ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপ-নির্বাচনে রিটার্নিং অফিসার মো. আনোয়ার হোসেন মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় মোকতাদির চৌধুরীর সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এ কে এমদাদুল বারী, সাধারণ সম্পাদক জহিরুল হক খানসহ দলের নেতা-কর্মীরা।বিকেল পৌনে পাঁচটার দিকে মনোনয়নপত্র জমা দেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সভাপতি বিএনপি প্রার্থী মো. খালেদ হোসেন মাহবুব। তাঁর সঙ্গে ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা উকিল আবদুস সাত্তার ভূইয়াসহ দলের নেতা-কর্মীরা।এর আগে বিকেল চারটার দিকে জাতীয় পার্টির প্রার্থী দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. রেজাউল ইসলাম ভূইয়া মনোনয়পত্র জমা দেন। এ ছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী গাজী নিয়াজুল করিম ও স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র জমা দেন।হবিগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. মুশফিক হুসেন, বিএনপির শেখ সুজাত মিয়া, জাতীয় পার্টির মো. আবদুল মুনিম চৌধুরী, খেলাফত মজলিশের (মুফতি ওয়াক্কাস) শাইখ আবদুল কাইয়ুম, জমিয়তে ওলামা ইসলামের মাওলানা আবদুল মালিক চৌধুরী ও কৃষক শ্রমিক জনতা লীগের মনমোহন দেবনাথ।আওয়ামী লীগের প্রার্থী মুশফিক হুসেন দুপুর সাড়ে ১২টার দিকে নেতা-কর্মীদের নিয়ে হবিগঞ্জ জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে যান। তিনি মনোনয়নপত্র জমা দেন উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপনির্বাচন কমিশনার মোহাম্মদ এমরানের কাছে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সিলেট বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংসদ মিছবাহ উদ্দিন সিরাজ, হবিগঞ্জ সদর আসনের সাংসদ আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সাংসদ আবদুল মজিদ খান প্রমুখ। পরে আওয়ামী লীগের প্রার্থী লোকজন নিয়ে নির্বাচনী এলাকা নবীগঞ্জ ও বাহুবল নির্বাচন অফিসে পুনরায় মনোনয়নপত্র জমা দেন।বিএনপির প্রার্থী ও লন্ডন-প্রবাসী নেতা শেখ সুজাত মিয়া দুপুর দুইটার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন। এ সময় নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও সহসভাপতি আবদুস শহীদ গোলাপসহ দলের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন। এরপর জাতীয় পার্টির প্রার্থী মো. আবদুল মুনিম চৌধুরীও নেতা-কর্মীদের নিয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন। এর আগে তিনি বাহুবল উপজেলা নির্বাচন অফিসেও মনোনয়নপত্র জমা দেন। এভাবে একে একে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।