পাহাড়ধসে নিহত ব্যক্তিদের স্মরণে চট্টগ্রামে আয়োজিত এক সমাবেশ থেকে ১১ জুনকে জাতীয় পাহাড় রক্ষা দিবস ঘোষণার দাবি জানানো হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, প্রতিবছর চট্টগ্রামে পাহাড়ধসে প্রাণহানির ঘটনা ঘটছে। প্রাণহানি ঠেকাতে সরকার কার্যকর কোনো পরিকল্পনা নিচ্ছে না। স্থায়ীভাবে পাহাড় থেকে বসতি উচ্ছেদের কোনো উদ্যোগ নেওয়া হয় না।
২০০৭ সালের ১১ জুন চট্টগ্রামে ভয়াবহ পাহাড়ধসে ১২৭ জন প্রাণ হারান। নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভার আয়োজন করে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), পিপলস ভয়েস, কারিতাস এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ চট্টগ্রাম।
সমাবেশে বক্তারা বলেন, পাহাড় এবং সমুদ্রঘেরা চট্টগ্রাম দিন দিন শ্রী হারাচ্ছে। পাহাড় কেটে বসতি গড়ে তোলা হচ্ছে। কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। প্রতিবছর বর্ষা এলে প্রশাসন টিভি ক্যামেরা ডেকে কয়েকটি পরিবারকে পাহাড়ের ঝুঁকিপূর্ণ জায়গা থেকে উচ্ছেদ করে। বৃষ্টি থামলেই তারা আবার সেই বসতিতে ফিরে যায়।
১১ জুনকে জাতীয় পাহাড় রক্ষা দিবস ঘোষণার দাবি জানিয়ে বক্তারা বলেন, ২০০৭ সালে ভয়াবহ পাহাড়ধসের পর সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নানা কমিটি গঠন করা হয়। কিন্তু একসময় এই তোড়জোড় থেমে যায়। ফলে পাহাড়ধসে মৃত্যুর মিছিল থামানো যাচ্ছে না। ১১ জুনকে পাহাড় রক্ষা দিবস ঘোষণা করে পাহাড়-টিলা রক্ষায় একটি নীতিমালা করার দাবি জানান তাঁরা।
সমাবেশে সচেতন নাগরিক কমিটি চট্টগ্রামের আহ্বায়ক দেলোয়ার মজুমদার, অধ্যাপক ইদ্রিছ আলী, সংস্কৃতিকর্মী রাশেদ হাসান, শরীফ চৌহান, পবার সংগঠক হাবিবুল হক, পিপলস ভয়েসের সৈয়দ আতিকুর রহমান, কারিতাসের প্রতিনিধি শ্যামল মজুমদার, নারী প্রগতি সংঘের প্রতিনিধি সৈয়দ এরশাদুল করিম, রুবেল দাশ প্রমুখ বক্তব্য দেন। বৃষ্টির মধ্যে ছাতা হাতে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করা হয়।