১১ জেলার ১৯০ ইউনিয়ন পরিষদে আজ ভোট
দেশের উপকূলীয় ১১ জেলার ২৪ উপজেলার ১৯০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ মঙ্গলবার ভোট গ্রহণ করা হবে। এসব ইউনিয়নে গত রোববার দিবাগত মধ্যরাত থেকে প্রার্থীদের প্রচারণা শেষ হয়েছে। এর মাধ্যমে ইউপি নির্বাচনের প্রথম পর্যায়ে উপকূলীয় ১২ জেলার ৫৬৮ ইউনিয়নে আজ থেকে ভোট গ্রহণ শুরু হচ্ছে, চলবে ৩ এপ্রিল পর্যন্ত। ভোটের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে।নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গতকাল সোমবার সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশও নিশ্চিত করা হয়েছে।আজ বরিশাল জেলার বানারীপাড়া, উজিরপুর, গৌরনদী, আগৈলঝাড়া; পটুয়াখালীর বাউফল; পিরোজপুরের নেছারাবাদ; বরগুনার পাথরঘাটা ও বামনা; ভোলার সদর ও দৌলতখান; ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া; খুলনার বটিয়াঘাটা, কয়রা, পাইকগাছা, দাকোপ ও দীঘলিয়া; সাতক্ষীরার সদর, দেবহাটা ও আশাশুনি; বাগেরহাটের রামপাল ও মংলা এবং চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের কুতুবদিয়া ও নোয়াখালীর হাতিয়া উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে ভোট গ্রহণ করা হবে।কাল ৩০ মার্চ ভোট হবে পটুয়াখালীর দশমিনা, পিরোজপুরের কাউখালী, বাগেরহাটের চিতলমারী এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ইউপিগুলোতে। ৩১ মার্চ বরিশালের সদর, বাকেরগঞ্জ ও বাবুগঞ্জ; পটুয়াখালীর মির্জাগঞ্জ; পিরোজপুরের ভান্ডারিয়া; বরগুনার সদর ও বেতাগী; ভোলার বোরহানউদ্দিন ও লালমোহন; ঝালকাঠির সদর; সাতক্ষীরার শ্যামনগর ও কালীগঞ্জ; বাগেরহাটের ফকিরহাট ও মোল্লাহাট এবং কক্সবাজারের মহেশখালীতে ভোট গ্রহণ করা হবে। ১ এপ্রিল নির্বাচন হবে বরিশাল বিভাগের পটুয়াখালীর দুমকি ও কলাপাড়া এবং পিরোজপুরের নাজিরপুরে। ২ এপ্রিল পটুয়াখালীর গলাচিপা; পিরোজপুরের সদর ও জিয়ানগর; ভোলার তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরা; ঝালকাঠির নলছিটি; বাগেরহাটের সদর ও কচুয়া; কক্সবাজারের টেকনাফ এবং লক্ষ্মীপুরের কমলনগরে ভোট হবে। ৩ এপ্রিল নির্বাচন হবে বরিশালের মুলাদী, মেহেন্দীগঞ্জ ও হিজলা; পটুয়াখালীর সদর; পিরোজপুরের মঠবাড়িয়া; বরগুনার আমতলী; খুলনার রূপসা, ফুলতলা, তেরখাদা ও ডুমুরিয়া; সাতক্ষীরার কলারোয়া ও তালা; বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা এবং নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়।আমাদের সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা প্রতিনিধি জানান, এসব জেলায় নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।গত ২৪ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ে উপকূলীয় ৫৯৪টি ইউপির নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে আইনি ও অন্যান্য জটিলতায় ২৬টিতে এ সময়ে ভোট হচ্ছে না। সর্বশেষ রোববার নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ায় বরগুনার পাথরঘাটার তিন ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়।