১১ জেলায় আটক আরও ১৪২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যৌথ বাহিনীর অভিযান ও ধরপাকড় অব্যাহত রয়েছে। ঢাকায় বিএনপির সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেনসহ গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত ১১ জেলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৪২ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের টানা হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত সন্দেহে এবং বিভিন্ন মামলায় এসব নেতা-কর্মীকে আটক করা হয়।
চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সীতাকুণ্ড উপজেলার কয়েকটি স্থানে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে যৌথ বাহিনী। আগের দিন পুলিশ উপজেলা থেকে ১৬ জনকে আটক করেছিল। আটক ব্যক্তিদের মধ্যে ১৯ জনকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বিশ্ববিদ্যালয়ের কুমিরা ক্যাম্পাসের প্রধান দেলোয়ার হোসেন বলেন, ‘যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাত ছাত্রসহ ১০ জনকে আটক করে নিয়ে গেছে।’
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, বেশ কয়েক দিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িতে আগুন-ভাঙচুরসহ নাশকতার ঘটনা বাড়ায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বাড়বকুণ্ড ও পন্থিছিলা এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে ১০ জন ও অন্যান্য স্থান থেকে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে গত তিন দিনে সীতাকুণ্ডে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে ১২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১১৫ জনকে আসামি করে তিনটি মামলা করেছে। সাতকানিয়া উপজেলায় মঙ্গলবার রাতে সাতজন জামায়াত-শিবিরের কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
ফেনীতে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৬ কর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে ফেনী সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১০ জন, দাগনভূঞা থেকে একজন ও ছাগলনাইয়া থেকে পাঁচজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১২ জন বিএনপি ও ছাত্রদল এবং চারজন জামায়াত-শিবিরের কর্মী।
লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকা থেকে শিবিরের পাঁচ কর্মী ও দালালবাজার এলাকা থেকে দুই ছাত্রদল কর্মীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের জেলহাজতে পাঠানো হয়েছে।
যশোরে বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার ৫১ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে ছয়জন বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থক বলে পুলিশ জানায়। জেলার সহকারী পুলিশ সুপার (সদর) রেশমা শারমীন বলেন, ‘নাশকতার ঘটনায় ওই ছয়জনসহ বাকি ৪৫ জনকে আটক করা হয়।’ সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া থেকে একজন ও জেলা শহর থেকে দেবহাটার সখিপুর গ্রামের দুজনকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার চেষ্টার অভিযোগ ও কয়েকটি মামলায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক শেখ মোহামঞ্চদ সাদী ছাড়া বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
পটুয়াখালীতে বিএনপি ও জামায়াতের ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুমকি উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ও মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মহিবুল্লাহ, বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহ আলম, কেশবপুর ইউনিয়ন জামায়াতের আমির জাকির হোসেন রয়েছেন। সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতার সঙ্গে জড়িত।
নাটোরে বিএনপির পাঁচ কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের সবার বাড়ি সদর উপজেলার হয়বতপুর গ্রামে। ওসি আসলাম উদ্দিন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাগুরা জেলা জামায়াতের আমির আলমগীর হোসেন বিশ্বাসকে (৪২) গতকাল সকালে শহরের স্টেডিয়ামপাড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওসি এম এ হাসেম বলেন, তাঁর বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, টায়ার জ্বালিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, অন্য নাশকতা ও সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে অন্তত পাঁচটি মামলা রয়েছে। একই দিন ভোরে স্টেডিয়ামপাড়া ও ভিটাসাইর এলাকা থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
ময়মনসিংহের নান্দাইল মডেল থানার পুলিশ গতকাল বিকেলে উপজেলা যুবদলের সহসভাপতিসহ চারজনকে আটক করেছে। পরে একটি বিস্ফোরক মামলায় তাঁদের জেলহাজতে পাঠানো হয়। থানার এসআই মাহমুদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে নরসিংদীর সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে মনোহরদী ও বেলাব উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে তাঁর সমর্থকেরা। গতকাল সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শেষে তাঁর সমর্থকেরা এ ঘোষণা দেয়।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ফেনী, সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক, যশোর অফিস, নরসিংদী, মাগুরা, নাটোর, পটুয়াখালী, লক্ষ্মীপুর, নান্দাইল (ময়মনসিংহ), সীতাকুণ্ড ও সাতকানিয়া (চট্টগ্রাম), ব্রাহ্মণবাড়িয়া,।