১১ জেলায় ইউরিয়া সার নেওয়া বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্তায় ওজনে কম দেওয়ার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদিত ইউরিয়া সার নেওয়া বন্ধ করে দিয়েছেন কারখানার কমান্ড এরিয়ারভুক্ত সার ডিলাররা। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে কারখানার সার উত্তোলন ও সরবরাহ প্রক্রিয়ায় এই অচলাবস্থার সৃষ্টি হয়।এতে করে কারখানার কমান্ড এরিয়ারভুক্ত ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, কুমিল্লা, হবিগঞ্জ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সুনামগঞ্জ, চাঁদপুর, ঝিনাইদহ—এ ১১ জেলায় সার সরবরাহ বন্ধ রয়েছে।সার ডিলাররা জানান, আশুগঞ্জ সার কারখানা থেকে সরবরাহ নেওয়া ৫০ কেজি ওজনের সারের বস্তায় ৫০ কেজি সার থাকছে না। প্রতি বস্তায় পাঁচ থেকে সাত কেজি করে কম পাওয়া যাচ্ছে। এক সপ্তাহ ধরে এ সমস্যা হচ্ছে। মূলত কারখানার একশ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারী আর্থিক সুবিধা পেতে ওজন কারচুপির আশ্রয় নিয়ে থাকেন। সবকিছু বুঝলেও ডিলাররা খুব বেশি প্রতিবাদ করতে পারেন না। ব্রাহ্মণবাড়িয়া জেলা সার ডিলার সমিতির সভাপতি রুহুল আমিন জানান, ওজনে পাঁচ থেকে সাত কেজি কম দিয়ে কোনো ডিলার রাতে ভালো ঘুম আশা করতে পারেন না। কৃষকদের সঙ্গে তাঁদের ভুল-বোঝাবুঝি ও অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। প্রতিকার পেতে কারখানার ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কিন্তু সমাধান হচ্ছে না। কিশোরগঞ্জ জেলা সার ডিলার সমিতির সভাপতি নাদিরুজ্জামান ভূঁইয়া জানান, ‘ওজন কম থাকায় আমরা ডিলাররা ঝুঁকির মধ্যে আছি। সম্মান হারানোর ভয়ও কাজ করছে। সবকিছু ভেবে আমরা গতকাল থেকে সার সরবরাহ নেওয়া বন্ধ রেখেছি। সমাধান পেলে সরবরাহ নেওয়া শুরু করব।’ডিলারদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আশুগঞ্জ সার করারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার হোসেন জানান, ওজনে কম পাওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।