১১ জেলায় নিহত ২৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গতকাল সকালে মুখোমুখি সংঘর্ষের পর মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে বাসের তলায় চলে যায় l ছবি: প্রথম আলো
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গতকাল সকালে মুখোমুখি সংঘর্ষের পর মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে বাসের তলায় চলে যায় l ছবি: প্রথম আলো

সৌদিপ্রবাসী হালিম আকন্দ গত বুধবার রাতে দেশে ফেরেন। ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে গিয়েছিলেন স্বজনেরা। সেখান থেকে গতকাল বৃহস্পতিবার ভোররাতে বাগেরহাটে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন তাঁরা। কিন্তু বাসায় ফেরা হলো না। পথেই গোপালগঞ্জে বেপরোয়া বাসের সঙ্গে তাঁদের বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষে পরিবারটির পাঁচ সদস্যসহ ছয়জন প্রাণ হারিয়েছেন।

এর আগে বুধবার রাতে সিরাজগঞ্জে বাস-মাইক্রোবাসের আরেকটি সংঘর্ষের ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হন। এ ছাড়া গতকাল রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৯ জেলায় সড়কে প্রাণ গেছে ১৩ জনের।

এ নিয়ে গত ১৩৬ দিনে বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১ হাজার ২৩৮ জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সকাল ১০টার দিকে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ব্যক্তিরা হলেন একই পরিবারের হালিম আকন্দ (৪৯), স্ত্রী আসমা বানু (৪২), দুই ছেলে সুমন আকন্দ (১৮) ও সিহাব আকন্দ (৬) এবং শ্যালক বাদল হাওলাদার (৪৫)। তাঁদের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালি ইউনিয়নের খুড়িয়াখালি গ্রামে। নিহত অপর ব্যক্তি হলেন ভাড়া করা মাইক্রোবাসটির চালক। তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

বাগেরহাটগামী মাইক্রোবাসটির সঙ্গে ঢাকাগামী সেবা গ্রিন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে–মুচড়ে বাসের তলায় চলে যায়। দ্রুতগতিতে ছুটে আসা বাসও মহাসড়কে উল্টে গেলে অন্তত ১০ যাত্রী আহত হন। মাইক্রোবাসের আরোহীদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল এসে উদ্ধারকাজ শুরু করে। একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুতে তাঁদের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সিরাজগঞ্জের রায়গঞ্জের ঘুড়কা বাজার এলাকায় বুধবার রাত দেড়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত একই পরিবারের তিনজন হলেন বগুড়ার কাহালুর সোলায়মান হোসেন (৬৫), লিপি বেগম (৩৫) ও সাগর হোসেন (১২)। নিহত অপরজন মাইক্রোবাসের চালক দুপচাঁচিয়ার আবদুল খালেক (৩৫)। বগুড়া থেকে ঢাকাগামী মাইক্রোবাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের এ সংঘর্ষে বাসের ১৫ যাত্রী আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় মাইক্রোবাস থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করেন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারটি তিন সদস্য এক আত্মীয়কে বিমানবন্দর থেকে নিয়ে আসার জন্য ঢাকায় যাচ্ছিলেন।

রংপুরের তারাগঞ্জে রংপুর-দিনাজপুর মহাসড়কে গত রাতে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। চাকা নষ্ট হয়ে বিকল হয়ে থাকা এশিয়া পরিবহনের একটি বাসকে পেছন থেকে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে পরিচয় পাওয়া একজন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের নয়ন চন্দ্র (২০)। ১৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যান্য স্থানে দুর্ঘটনা

রাজশাহীর পুঠিয়ার পোল্লাপুকুর এলাকায় গতকাল দুপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। তাঁরা হলেন রাজশাহী নগরের রামচন্দ্রপুর এলাকার তুষার (৩০) ও শাহীন (৩৫)। তাঁরা মোটরসাইকেলে রাজশাহী শহর অভিমুখে যাচ্ছিলেন।

টাঙ্গাইলের ধনবাড়ীর রূপশান্তি এলাকায় গতকাল সকালে মধুপুর-জামালপুর সড়কে মাইক্রোবাসের চাপায় দুই পথচারী নারী নিহত হন। তাঁরা হলেন ধনবাড়ী পৌর এলাকার নিজবর্ণী গ্রামের রেবা বেগম (৩২) ও সাহাতন বেগম (৫০)।

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে গতকাল সকালে বেপরোয়া গতির বাসের ধাক্কায় অটোরিকশার চালক জামাল হোসেন প্রাণ হারিয়েছেন। এ সময় অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া যশোর শহরের কদমতলায় ঢাকা-খুলনা মহাসড়কে গতকাল সকালে বাসের ধাক্কায় ডেকোরেটর মিস্ত্রি আলমগীর হোসেন নিহত, ময়মনসিংহের গৌরীপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গতকাল বাসের ধাক্কায় আবুল বাশার নামে একজন ইজিবাইকের যাত্রী নিহত ও চার যাত্রী আহত, লক্ষ্মীপুর সদর উপজেলার চরচামিতা বাজার এলাকায় গতকাল সকালে পিকআপ ভ্যানের চাপায় নুশরাত জাহান নামে স্কুলছাত্রী নিহত, পিরোজপুরের ভান্ডারিয়ার শিয়ালকাঠি এলাকায় বুধবার বিকেলে মোটরসাইকেলের চাপায় মায়ালক্ষ্মী নামের এক বৃদ্ধা নিহত, মৌলভীবাজারের কুলাউড়ায় গতকাল সকালে পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধা নূরুননেছা নিহত ও চারজন আহত হয়েছেন। বগুড়ার আদমদীঘিতে গতকাল দুপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ ১০ জন আহত হয়েছেন।