১১ জেলে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
বরগুনার পাথরঘাটার ১১ জেলে হত্যার ঘটনায় পুলিশ গতকাল বুধবার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: বরগুনার ছোট পাথরঘাটার মো. সব্বির (২৮) ও কক্সবাজারের কলাতলী গ্রামের অলি চান (৩০)। অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার বলেন, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পার্বত্য বান্দরবানের টঙ্গাবতী রঞ্জুপাড়ার গহিন অরণ্যে অভিযান চালিয়ে সব্বিরকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী কক্সবাজার শহরের কলাতলী গ্রাম থেকে অলি চানকে গ্রেপ্তার করা হয়। তাঁরা ১১ জেলে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।৩ জানুয়ারি বরগুনার পাথরঘাটা থেকে ১৬ জন মাঝিমাল্লা একটি ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যান। তাঁদের মধ্যে পাঁচজন ছিলেন রোহিঙ্গা জলদস্যু। তাঁরা ১১ মাঝিমাল্লাকে হত্যা করে সাগরে নিক্ষেপ করে মিয়ানমারে পালানোর সময় ৫ জানুয়ারি কক্সবাজারের উখিয়ার ইনানী উপকূলে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় পুলিশ ট্রলারসহ জলদস্যু হামিদুল হককে গ্রেপ্তার করে। এরপর হামিদুল হক ১১ জেলেকে হত্যার ঘটনা প্রকাশ করেন।