১১ ডাকাতের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতি করতে গিয়ে অস্ত্রসহ গ্রেপ্তার ১১ ডাকাতকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চতুর্থ যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ নুরে আলম এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ডাকাতেরা হলেন মো. নেছার, আনজু মিয়া, মো. সেলিম, আবদুল খালেক, উসমান গণি, মো. শরীফ, আবুল কালাম, মো. আলম, সালামত উল্লাহ, আজিজুল হক ও মিজানুর রহমান। এদের মধ্যে আবদুল খালেক ও আবুল কালাম রায় ঘোষণার সময় উপস্থিত থাকলেও বাকিরা পলাতক রয়েছেন।
আদালতের সহকারী সরকারি কৌঁসুলি শরীফা নারগিস প্রথম আলোকে জানান, ২০০৬ সালের ১১ ফেব্রুয়ারি রাতে কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ ১১ ডাকাতকে ধরে পুলিশে সোপর্দ করে জনতা।
এ ঘটনায় বিকাশ চন্দ্র দাশ নামের এক ব্যক্তি বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৫ মার্চ অভিযোগপত্র দেয় পুলিশ। সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। অস্ত্র রাখার দায়ে ১০ বছর এবং গুলি রাখার দায়ে সাত বছর কারাদণ্ড দেন আদালত। ১৭ বছরের সাজা হলেও দুটি সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করেছেন বিচারক।