১৯৭১ সালের ১১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা মুক্ত হয়। শিবগঞ্জ মুক্ত করতে মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুখোমুখি কোনো যুদ্ধ করতে হয়নি। শিবগঞ্জ থানা সদর মুক্ত করতে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দল শিবগঞ্জের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। ১১ ডিসেম্বর ভোরেই তাঁদের কাছে স্থানীয় লোকজন খবর দেন যে, রাজাকার-আলবদর ও থানার পুলিশকে ফেলে রেখে পাকিস্তানি সেনারা ১০ ডিসেম্বর রাতে শিবগঞ্জ ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ সদরের দিকে পালিয়ে গেছে। এ খবর নিশ্চিত হওয়ার পর ১১ ডিসেম্বর বেলা আড়াইটার দিক থেকে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দল একের পর এক শিবগঞ্জ সদরে ঢুকে পড়ে। পরিপূর্ণভাবে মুক্ত হয় শিবগঞ্জ থানা।
প্লাটুন কমান্ডার নজরুল ইসলামের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল প্রথমে থানায় ঢোকে এবং অবাঙালি পুলিশদের আত্মসমর্পণ করিয়ে থানাহাজতে আটকে রাখে। থানার সব অস্ত্র দখলে নেন মুক্তিযোদ্ধারা।
নজরুল ইসলাম বলেন, ‘এ সময় স্কুলশিক্ষক মো. জাকারিয়ার নেতৃত্বে সাধারণ মানুষের একটি দল “জয় বাংলা” স্লোগান দিতে দিতে এগিয়ে আসে। জাকারিয়া মাস্টার বাংলাদেশের মানচিত্রখচিত একটি জাতীয় পতাকা আমার হাতে তুলে দেন। আমি মুক্ত শিবগঞ্জে প্রথম বাংলাদেশের পতাকা ওড়াই।’ এ ঘটনা নিশ্চিত করেন সতীর্থ মুক্তিযোদ্ধা তমিজ উদ্দীন। তিনি বর্তমানে শিবগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক। তমিজ উদ্দীনের লেখা মুক্তিযুদ্ধবিষয়ক একটি বইয়েও উল্লেখ করা হয়েছে যে ১১ ডিসেম্বর শিবগঞ্জ মুক্ত হয়।
শিবগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহনেওয়াজ গামা—ওই সময়ের উচ্চমাধ্যমিকের ছাত্র—১১ ডিসেম্বর শিবগঞ্জ মুক্ত হওয়ার দিনের প্রত্যক্ষদর্শী ছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘শিবগঞ্জ মুক্ত হওয়ার সময়টিতে ব্যাপক মানুষের ঢল না নামলেও বহু মানুষ সেদিন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধাদের স্বাগত জানায়। সাধারণ মানুষের মনে তখনো ভয়ভীতি কাজ করছিল। মুক্তিযোদ্ধাদের এ বিজয় স্থায়ী হবে কি না, এ নিয়ে তাদের মনে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল। মানুষ ভাবছিল, উচ্ছ্বাস দেখাতে গিয়ে পাকিস্তানি চরদের নজরে পড়ে না জানি কোনো নির্যাতনের মুখে পড়তে হয়।’
শিবগঞ্জ মুক্ত হওয়া নিয়ে কথা হয় মুক্তিযোদ্ধাদের কোম্পানি কমান্ডার, বর্তমানে জেলা বিএনপির সভাপতি ও শিবগঞ্জ আসনের সাবেক সাংসদ শাহজাহান মিঞা, মুক্তিযোদ্ধা সংসদের চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট কমান্ডার সেরাজুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা ইউনিট কমান্ডার বজলার রহমান, মুক্তিযোদ্ধা জিল্লার রহমান, আশরাফুল ইসলাম, সাইদুল ইসলাম ও আরও অনেকের সঙ্গে।
শাহজাহান মিঞা প্রথম আলোকে বলেন, ‘আমার নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের বড় একটি দল শিবগঞ্জে ঢোকে ১১ ডিসেম্বর বিকেল সাড়ে চারটার দিকে। পাক বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে আমার পিতা ফয়েজ উদ্দীন আহমেদ থানায় বন্দী ছিলেন। এর আগেই মুক্তিযোদ্ধারা তাঁকে মুক্ত করেন। শিবগঞ্জ মুক্ত করার পরদিন ১২ ডিসেম্বর সন্ধ্যায় আমরা বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ সদর মুক্ত করার জন্য অগ্রসর হই। চাঁপাইনবাবগঞ্জ মুক্ত করার সম্মুখযুদ্ধে ১৪ ডিসেম্বর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর শহীদ হন।’
মুক্তিযোদ্ধা তমিজ উদ্দীনের লেখা মুক্তিযুদ্ধবিষয়ক বইয়েও উল্লেখ করা হয়েছে যে ১১ ডিসেম্বর শিবগঞ্জ মুক্ত হয়।