১১ তথ্য নিয়ে টিকিট বিক্রি শুরু করেছে রেল কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টেশনের কাউন্টারে ১১ তথ্য নিয়ে যাত্রীদের কাছে টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কালোবাজারিদের উৎপাত ঠেকাতে রেলওয়ে কর্তৃপক্ষ গতকাল শুক্রবার থেকে যাত্রীদের এই ১১ তথ্য নেওয়া শুরু করেছে।রেলওয়ে সূত্র জানায়, ১১টি তথ্যের মধ্যে ক্রেতার নাম, ভ্রমণকারীর নাম ও বর্তমান ঠিকানা, টিকিট ক্রেতা ও ভ্রমণকারীর মুঠোফোন নম্বর, টিকিট কেনার তারিখ, ভ্রমণের তারিখ, ট্রেনের নাম ও শ্রেণী, টিকিটের সংখ্যা, ভ্রমণকারী পুরুষ, মহিলা ও শিশুর সংখ্যা এবং ভ্রমণকারীর বয়স উল্লেখ রয়েছে। টিকিট ক্রেতা ১১ তথ্যের মুদ্রিত একটি ছক পূরণ করে তা কাউন্টারে জমা দিয়ে টিকিট নিতে পারছে। রেলওয়ে সূত্র জানায়, ১৯৯২ সালের পর বাংলাদেশ রেলওয়ের টিকিটের দাম আর বাড়েনি। অথচ সেই তুলনায় বাসভাড়া দুই থেকে আড়াই গুণ বেড়েছে। তাই রেলের টিকিটের দিকে ঝোঁক বেশি যাত্রীদের। কারণ, রেলে কম ভাড়ায় ও প্রায় নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো যায়। তাই কালোবাজারিরা রেলের টিকিট কালোবাজারি করে আসছে।রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা রোকনুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘কালোবাজারিদের উৎপাত ঠেকাতে আমরা যাত্রী ও টিকিট ক্রেতার ১১ তথ্য চেয়ে একটি ছক তৈরি করেছি। মুদ্রিত এই ছকের মাধ্যমে গতকাল শুক্রবার থেকে যাত্রীদের তথ্য নেওয়া শুরু করেছি। প্রথম দিনেই বিভিন্ন আন্তনগর ট্রেনের প্রায় দুই হাজার মুদ্রিত ছক থেকে যাত্রীদের তথ্য নেওয়া হয়েছে।’