১১ দফা ঘোষণায় শেষ হলো স্যাকোসান সম্মেলন
উন্মুক্ত স্থানে মলত্যাগ বন্ধে এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে জনগণের উদ্যোগকে গুরুত্ব দিতে হবে। রাষ্ট্রকে স্যানিটারি-ব্যবস্থার উন্নতির জন্য তদারক বাড়াতে হবে। এমন ১১ দফা ঘোষণার মধ্য দিয়ে গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেষ হয়েছে ষষ্ঠ দক্ষিণ এশীয় স্যানিটেশন (স্যাকোসান) সম্মেলন।
তিন দিনের এই সম্মেলনে দক্ষিণ এশিয়ার আটটি দেশের ৫০০ জন প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে দক্ষিণ এশিয়ার সাতটি দেশের মন্ত্রী ও সচিব পর্যায়ের প্রতিনিধিরা নেতৃত্ব দিলেও ভিসা জটিলতায় পাকিস্তান থেকে কোনো প্রতিনিধি আসতে পারেননি। ফলে আগামী সম্মেলন পাকিস্তানে হওয়া ও ঢাকা ঘোষণা নিয়ে জটিলতা ছিল।
তবে গতকাল এবারের সম্মেলনের সমাপনী অধিবেশনে উপস্থিত ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম তাঁর বক্তৃতায় বলেন, পরবর্তী সম্মেলন পাকিস্তানে হবে। ঢাকা ঘোষণার সঙ্গেও তাঁর দেশ একমত এবং তাঁরা ঘোষণায় অনুমোদনও দেন।
সম্মেলনে শ্রীলঙ্কার নগর পরিকল্পনা ও পানি সরবরাহ মন্ত্রণালয়ের মন্ত্রী রউফ হাকিম স্যাকোসেনের জন্য একটি স্থায়ী সচিবালয় স্থাপনের জন্য তাঁর দেশের পক্ষ থেকে আগ্রহ জানান। পরবর্তী সার্ক সম্মেলনের আলোচনার বিষয়বস্তু হিসেবে স্যানিটেশনকে উপস্থাপন করবেন বলেও তিনি জানান।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশ গত ১২ বছরে স্যানিটেশন-ব্যবস্থায় ২৮ শতাংশ উন্নয়ন করেছে। ২০০৩ সালে এই হার ছিল ৩৩ শতাংশ। ২০১৫ সালে সেটি দাঁড়িয়েছে ৬১ শতাংশে। উন্মুক্ত স্থানে মলত্যাগ কমে ১ শতাংশে দাঁড়িয়েছে।
খন্দকার মোশাররফ বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে স্যানিটেশন-সুবিধা খুবই কম। এ কারণে এ অঞ্চলে শিশুমৃত্যুর হার অনেক বেশি। স্বাস্থ্যবান জাতি গঠনেও এটি অন্তরায়। স্যানিটেশনে বাংলাদেশে বিভিন্ন অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ সরকার স্যানিটেশনের ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের জন্য ১৫ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। ২০১১ থেকে ২০২৫ সাল মেয়াদি এই পরিকল্পনায় পাঁচ বছর পরপর এর অগ্রগতিমূলক প্রতিবেদন প্রকাশের ব্যবস্থাও রাখা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকের সভাপতিত্বে সমাপনী অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাতিসংঘের প্রতিনিধি এডওয়ার্ড বিগবার্ডার, বিশ্বব্যাংকের প্রতিনিধি প্যারামেসোয়ারান ল্যায়ার, সার্কের মহাসচিব অর্জুন বাহাদুর থাপা। এ ছাড়া আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা বক্তৃতা করেন। অনুষ্ঠানে ১১ দফা ঢাকা ঘোষণা দেন বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগের পলিসি সাপোর্ট ইউনিটের প্রকল্প পরিচালক কাজী আবদুল নূর।
সম্মেলনের ১১ দফা ঘোষণায় নগরের পয়োনিষ্কাশন-ব্যবস্থার উন্নয়ন অবকাঠামোগত সুবিধা বাড়ানো এবং সুশাসন নিশ্চিত করার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এই ঘোষণায় সাত দেশের প্রতিনিধিদলের প্রধানেরা এবং পাকিস্তানের পক্ষে হাইকমিশনার সই করেন।