১১ দফা দাবিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) গতকাল মঙ্গলবার দুপুরে ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক প্রোগ্রামের ফলাফল প্রকাশ; সঠিক সময়ে বই বিতরণ; এমএ, এলএলবি প্রোগ্রাম ও মিডিয়া সেন্টার চালু; শিক্ষার্থীদের জন্য কল্যাণ ট্রাস্টসহ ১১ দফা দাবিতে তাঁরা মানববন্ধন করেন।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (ভাস্কর্যের সামনে) অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বাউবি ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান প্রমুখ। বিভিন্ন সময় ওই সব দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও কর্তৃপক্ষ আজ পর্যন্ত তা করেনি। এগুলোসহ ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তাঁরা। বাউবির প্রকাশনা ও মুদ্রণ বিভাগের পরিচালক এম আর এম আবদুল্লাহ জানান, শিক্ষার্থীদের অভিযোগ পুরোপুরি ঠিক নয়। স্নাতক পর্যায়ে ৭৫ শতাংশ বই শিক্ষার্থীদের মধ্যে সরবরাহ করা হয়েছে। এসব প্রোগ্রামে বেশি শিক্ষার্থী ভর্তি হওয়ায় এ সংকট দেখা দিয়েছে। অপর দিকে, এসএসসি ও এইচএসসি প্রোগ্রামের বই সঠিক সময় ছাপাতে না পারায় শিক্ষার্থীদের হাতে কিছু বই দিতে দেরি হয়েছে। জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান উকিল বলেন, ‘বাউবির পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাই না।’