বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা রাজশাহী সিটি করপোরেশনের প্রধান ফটক বন্ধ করে গতকাল রোববার সাড়ে চার ঘণ্টা ধরে বিক্ষোভ করেছেন। এ সময় নগর ভবনে কোনো গাড়ি ঢুকতে পারেনি। মেয়রও আসেননি কার্যালয়ে। পরে কাউন্সিলরদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আগামী ৮ জুলাই পর্যন্ত আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়।
রাজশাহী সিটি করপোরেশনের কর্মচারী ইউনিয়নের ব্যানারে এই আন্দোলন চলছে। সংগঠনের সাধারণ সম্পাদক আজমীর আহমেদ জানান, রাজশাহী সিটি করপোরেশনে তাঁদের প্রায় ২ হাজার ২০০ জন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী রয়েছে। তাঁদের ৩০০ টাকা করে মজুরি দেওয়া হয়। এবারের বাজেটে ৩০ টাকা বাড়িয়ে ৩৩০ করা হয়েছে। বর্ধিত মজুরি এখনো দেওয়া শুরু হয়নি। তিনি বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে তাঁদের মজুরি পুনর্নির্ধারণের জন্য গত বছর সিদ্ধান্ত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী একজন অদক্ষ শ্রমিককে ৪৫০ এবং একজন দক্ষ শ্রমিককে ৫০০ টাকা মজুরি দিতে হবে। সেই মজুরির জন্যই তাঁরা আন্দোলনে নেমেছেন।
এই দাবিতে শতাধিক কর্মচারী গতকাল সকাল ৯টা থেকে সিটি করপোরেশনের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। দুপুর ১২টার দিকে কাউন্সিলরদের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বসার জন্য কর্মচারীদের আমন্ত্রণ জানানো হয়। এরপর উপস্থিত ১৬ জন কাউন্সিলর কর্মচারী ইউনিয়নের নেতাদের নিয়ে বসেন। কাউন্সিলররা তাঁদের প্রস্তাব দেন ৪ জুলাইয়ের মধ্যে মেয়রের সঙ্গে বসে বিষয়টি সুরাহা করার ব্যবস্থা করা হবে। দুপুর সাড়ে ১২টার দিকে কর্মচারী ইউনিয়নের নেতারা ফটক খুলে দেন। বৈঠকে উপস্থিত কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ আনোয়ারুল আমিন বলেন, তাঁরা ঈদের পর মেয়রের সঙ্গে বসে কর্মচারীদের দাবি-দাওয়া মেটানোর চেষ্টা করার আশ্বাস দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কর্মচারীরা আন্দোলন স্থগিত করেছেন।