যৌন নিপীড়ন নিরোধ নীতিমালা-২০০৮ অবিলম্বে কার্যকর, ছাত্রসংসদের (রাকসু) নির্বাচনসহ ১১ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা গতকাল বৃহস্পতিবার এ স্মারকলিপি দেন।স্মারকলিপিতে উল্লেখ করা অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের যৌন নিপীড়নকারী শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া, অর্থনীতি বিভাগের এক ছাত্রীকে লাঞ্ছিত করায় আসাদুজ্জামান ওরফে সিজুর ছাত্রত্ব বাতিল করা, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা, সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বহিষ্কার করা।স্মারকলিপি দেওয়ার সময় বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি রফি আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আল মাহবুব, ছাত্র ফেডারেশনের আহসান হাবিব, ছাত্রমৈত্রীর ইকবাল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান প্রথম আলোকে জানান, দাবিগুলো খতিয়ে দেখা হবে।