১১ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ১১ দিন সারা দেশে ইলিশ ধরা, মজুদ ও বিপণন নিষেধ করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এই পদক্ষেপ নিয়েছে।ইলিশের প্রজনন ও উৎপাদন মৌসুমে হেরফের হওয়ার পরিপ্রেক্ষিতে সরকার ১৯৮৫ সালের ‘মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের’ কিছু ধারা সংশোধন করে গত বছরের সেপ্টেম্বর মাসে। এতে পুরোনো সময়সীমা পুনর্বিন্যাস করা হয়। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সংশোধিত আইনানুযায়ী আশ্বিন মাসের ভরা পূর্ণিমার দিন এবং এর আগের ও পরের পাঁচ দিনসহ ১১ দিন ইলিশ ধরা এবং তা পরিবহন, বিপণন ও মজুদ করা নিষিদ্ধ। পুরোনো আইনে ১৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই ১১ দিনকে ইলিশের প্রজনন সময়কাল নির্ধারণ করে ওই সময় মৎস্য বিভাগের নির্দিষ্ট জলসীমায় ইলিশ ধরা নিষেধ ছিল। বর্তমান আইনে নিষেধাজ্ঞা অমান্যকারীকে ন্যূনতম এক থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং ন্যূনতম এক হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এ ছাড়া একই ব্যক্তি যতবার এই অপরাধ করবে, ততবার তার শাস্তির মেয়াদ ও জরিমানার পরিমাণ দ্বিগুণ হবে।মৎস্য অধিদপ্তরের ‘ইলিশ ও জাটকা রক্ষা এবং জেলেদের পুনর্বাসন প্রকল্পের’ পরিচালক এ বি এম জাহিদ হাবিব প্রথম আলোকে জানান, ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাসের কারণে গত বছর অনেক সুফল মিলেছিল।