১১ দিন ধরে সরাসরি বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খানাখন্দে ভরা নাটোর–লালপুর আঞ্চলিক মহাসড়ক। বৃষ্টির পানি জমে কাদাপানিতে ভরে গেছে। ৪ সেপ্টেম্বর লালপুরের চকনাজিরপুর এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
খানাখন্দে ভরা নাটোর–লালপুর আঞ্চলিক মহাসড়ক। বৃষ্টির পানি জমে কাদাপানিতে ভরে গেছে। ৪ সেপ্টেম্বর লালপুরের চকনাজিরপুর এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

নাটোর-লালপুর ৩৯ কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক মহাসড়কে কাদা-পানিতে ডুবে আছে ছোট-বড় অসংখ্য গর্ত। ১১ দিন ধরে এ সড়কে সরাসরি যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। প্রায় ২৫ কিলোমিটার ঘুরে আবদুলপুর-ধুপইল সড়ক দিয়ে যাতায়াত করছে এসব বাস।
এ সড়কের নাটোর থেকে বনপাড়া পর্যন্ত ১৯ কিলোমিটার সড়ক জাতীয় মহাসড়কের মধ্যে পড়েছে। এই অংশে বড় বড় গর্ত না থাকলেও আহম্মদপুর থেকে দত্তপাড়া পর্যন্ত সড়কে অসংখ্য ছোট ছোট গর্ত। এসব গর্ত ইট দিয়ে সড়ক বিভাগ ভরাট করলেও তার অস্তিত্ব খুব একটা নেই। কিন্তু বনপাড়া থেকে লালপুর পর্যন্ত ২০ কিলোমিটার সড়কের অবস্থা খুবই খারাপ।
সরেজমিনে দেখা গেছে, লালপুর পাইলট হাইস্কুলের সামনে বড় বড় তিনটি গর্ত। ইট ফেলে গর্ত ভরাট করেছে সড়ক বিভাগ। কিন্তু ইট গলে লাল কাদায় পরিণত হয়েছে। সেখান থেকে গোপালপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কের অবস্থা মোটামুটি ভালো। তবে গোপালপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনের এলাকায় রয়েছে নয়টি গর্ত। ভুঁইয়াপাড়া সেতুর পর সড়কে শুধু কাদা-পানি। এখানে গর্ত রয়েছে ১০৯টি। কাদা-পানির মধ্যে একটার পর একটা গর্ত খুঁজতে খুঁজতে চলতে হয় রিকশা-ভ্যান থেকে শুরু করে ট্রাকচালকদের। এভাবে চকনাজিরপুর কদমতলা থেকে দিয়াড়পাড়া কালভার্ট পর্যন্ত অবস্থা প্রায় একই ধরনের। ওয়ালিয়া হাইস্কুল থেকে বনপাড়া পর্যন্ত ছোট-বড় অনেক গর্ত ও বিভিন্ন স্থানের কার্পেটিং উঠে গেছে।
পাঁচ-ছয়জন বাসযাত্রী ও চালকের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কের এই অবস্থার কারণে ১১ দিন ধরে এ পথে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। বিকল্প আবদুলপুর-ধুপইল সড়ক হয়ে ২৫ কিলোমিটার ঘুরে চলাচল করছে। এ ব্যাপারে এই সড়কে নিয়মিত চলাচলকারী হিমেল পরিবহনের চালক এনামুল হক বলেন, ‘লালপুর-বনপাড়া অংশ খারাপ হওয়ায় আমরা বাধ্য হয়ে আবদুলপুর সড়ক দিয়ে গাড়ি চালাই। লালপুর থেকে নাটোর পর্যন্ত যেতে এক ঘণ্টা সময় লাগে। কিন্তু সড়কের অবস্থা খারাপ হওয়ায় প্রায় দুই ঘণ্টা সময় লাগছে।’
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ আবুল কালাম আজাদ বলেন, তিনি সড়কটি মেরামত করার জন্য সওজ বিভাগকে বারবার তাগাদা দিচ্ছেন। ইতিমধ্যে ইট-সুরকি ফেলে কিছুটা চলাচলের উপযোগী করলেও তা কাজে আসছে না। কারণ, বৃষ্টি হলে কাদা হয়ে যাচ্ছে।
নাটোর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিকরুল ইসলাম বলেন, এই সড়কে যানবাহন চলাচল অব্যাহত রাখতে তাঁরা ইট ফেলে মেরামতের চেষ্টা করছেন। তবে সড়কটির ব্যাপক মেরামত দরকার। এ জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় অর্থ চাওয়া হয়েছে। তবে বর্ষা শেষ না হলে মেরামত শুরু করা যাবে না।