১১ দিন পর নৌপথে পণ্য পরিবহন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপথে পণ্য পরিবহনে টানা ১১ দিনের অচলাবস্থার অবসান ঘটেছে। নৌযান শ্রমিকদের ন্যূনতম বেতন শ্রম মন্ত্রণালয় যুক্তিসংগতভাবে নির্ধারণ করবে—নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের এমন আশ্বাসে গতকাল সোমবার বিকেলে মালিকেরা ‘জাহাজ না চালানোর কর্মসূচি’ থেকে সরে আসার ঘোষণা দেন।
বৈঠকের পর বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বলেন, ‘অচলাবস্থার নিরসন হলো। এখন (গতকাল) থেকে জাহাজ চলবে।’ এ ঘোষণার পর বিকেল চারটা থেকে চট্টগ্রামের সদরঘাটে লাইটার জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়। আর বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু হয় রাতে।
শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ নিয়ে সৃষ্ট জটিলতার পরিপ্রেক্ষিতে গত ২৬ এপ্রিল থেকে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ রাখেন মালিকেরা। এর আগে মজুরি বৃদ্ধির দাবিতে নৌযান শ্রমিকেরা গত ২০ এপ্রিল রাত থেকে ধর্মঘট শুরু করেন। ২৬ এপ্রিল এ নিয়ে সরকার, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের মধ্যে সভা হয়। সেই সভায় নৌ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রমিকদের জন্য তিন শ্রেণির ন্যূনতম মজুরির ঘোষণা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে নৌযান শ্রমিকেরা তাঁদের কর্মবিরতি স্থগিত করেন। কিন্তু মালিকপক্ষ ওই সিদ্ধান্তের সঙ্গে একমত না হওয়ায় তাঁরা জাহাজ না চালানোর সিদ্ধান্ত নেন। তবে সিমেন্ট শিল্প প্রতিষ্ঠানের মালিকানাধীন দেড় শতাধিক জাহাজ ২৬ এপ্রিল থেকেই চলেছে।
গতকালের বৈঠক বিষয়ে নৌপরিবহনমন্ত্রী প্রথম আলোকে বলেন, শ্রম মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত কমিটি যুক্তিসংগতভাবে শ্রমিকদের মজুরি নির্ধারণ করবে। শ্রমিক ও মালিকেরা মিলেই ঠিক করবেন, বেতন কত হবে।
বড় জাহাজ থেকে লাইটার জাহাজে পণ্য স্থানান্তরের কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের সহসভাপতি এ কে এম শামসুজ্জমান গতকাল বিকেল সাড়ে পাঁচটায় প্রথম আলোকে বলেন, সাগরে বড় জাহাজ থেকে পণ্য খালাসের জন্য কর্ণফুলী নদীতে থাকা লাইটার জাহাজে করে রওনা হচ্ছেন শ্রমিকেরা। অন্যদিকে কর্ণফুলী নদীর বেসরকারি ঘাটে অবস্থানরত লাইটার জাহাজ থেকে বিকেলে পালাক্রমে পণ্য খালাস শুরু হয় বলে জানান নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক নবী আলম।
বন্দরে জাহাজ আসা-যাওয়ার সময়সূচি অনুযায়ী, গতকাল বহির্নোঙরে ১২টি জাহাজ পণ্য নিয়ে এসেছে। এর মধ্যে বহির্নোঙরে খালাস করতে হবে এমন জাহাজের সংখ্যা ৮। এই ৮টি জাহাজে পণ্য আছে ২ লাখ ৮৫ হাজার টন। এর বাইরে আগে থেকে আটকে থাকা ৫৬টি বড় জাহাজে রয়েছে ১৫ লাখ ৮৭ হাজার টন পণ্য। সব মিলিয়ে ৬৪টি জাহাজে ১৮ লাখ ৭২ হাজার টন পণ্য খালাসের অপেক্ষায় আছে।
প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বলেন, কর্মসূচি প্রত্যাহার করা হলেও পণ্য পরিবহনে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে অন্তত এক মাস সময় লাগবে। বহির্নোঙরে জাহাজের জট তৈরি হওয়ায় পণ্য খালাসের জন্য চাহিদানুযায়ী লাইটার জাহাজ পাওয়া যাবে না।
লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল সূত্র জানায়, সারা দেশে বিভিন্ন ঘাটে পণ্য খালাসের অপেক্ষায় আছে ৭৩২টি জাহাজ। এসব জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। সংস্থাটির হাতে খালি জাহাজ রয়েছে ১২৫টি। গতকাল রাতে এসব জাহাজ বরাদ্দ দেওয়া হচ্ছিল আমদানিকারকদের কাছে।