১১ দিনে প্রবাসী নারীসহ দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের প্রবাসী-অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। গত ১১ দিনে উপজেলায় পৃথক সাতটি সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় যুক্তরাজ্যপ্রবাসী এক নারীসহ দুজন খুন হয়েছেন। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন শতাধিক লোক।স্থানীয় লোকজনের অভিযোগ, প্রশাসন ও পুলিশের দুর্বলতার কারণে জগন্নাথপুরে সহিংসতা দিন দিন বাড়ছে। পুলিশ সহিংসতা প্রতিরোধের চেয়ে এসব ঘটনায় জড়িত উভয় পক্ষের কাছ থেকে সুবিধা নিতে ব্যস্ত। এ কারণে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা জগন্নাথপুরে আসা কমিয়ে দিয়েছেন।এলাকাবাসী ও পুলিশ জানায়, ৪ আগস্ট সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে প্রকাশ্যে ইউপি সদস্য রপু মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই দিন চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেতাউকা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হন। গুলিবিদ্ধ হন তিনজন। স্থানীয় একটি বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা নিয়ে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।২ আগস্ট পাটলী ইউনিয়নের ফরিদপুর গ্রামে স্বামীর ভাইয়ের ছেলেরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে যুক্তরাজ্যপ্রবাসী রেহেনা বেগমকে (৪৩)। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী আবদুল কাদির ও সন্তানদের নিয়ে গত ১৭ জুলাই দেশে আসেন রেহেনা। আবদুল কাদিরের এক মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন তাঁর ভাই আশিক মিয়ার ছেলে। এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হন আশিক মিয়া ও তাঁর ছেলেরা। এর জের ধরে শুক্রবার রেহেনাকে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।এ ছাড়া ৩ আগস্ট দুপুরে জগন্নাথপুর পৌর শহরের ইনাতনগর গ্রামে মাদক বেচাকেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১০ জন আহত হন। একই দিন বিকেলে হলদিপুর ইউনিয়নের বেতাউকা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। গত ২৮ জুলাই কলকলি ইউনিয়নের কামারখাল গ্রামে লন্ডনপ্রবাসী দুই পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষে ৪০ জন আহত হন। এর মধ্যে ২৩ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান যুক্তরাজ্যপ্রবাসী আবদুল হেকিম ও আবারক আলীর পরিবারের মধ্যে এই সংঘর্ষ হয়। এর আগে ২৫ জুলাই পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হন। জলমহাল নিয়ে এ সংঘর্ষ হয়।জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেন, জগন্নাথপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অতীতের যেকোনো সময়ের চেয়ে খারাপ। প্রবাসীরা এসব ঘটনায় দেশে আসা কমিয়ে দিয়েছেন। বিশেষ করে, ২ আগস্ট যুক্তরাজ্যপ্রবাসী নারী খুনের ঘটনার পর প্রবাসীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।জগন্নাথপুর-ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্যপ্রবাসী আকিক এফ রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জগন্নাথপুরে একের পর এক সহিংসতার ঘটনায় আমরা উদ্বিগ্ন। পুলিশ প্রশাসন কী করছে, বুঝতে পারছি না। প্রবাসী নারী খুনের ঘটনাটি বিবিসিসহ বিভিন্ন মিডিয়ায় এসেছে। এতে করে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীরা খুবই ক্ষুব্ধ। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।’জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকছুদুর রহমান অবশ্য উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘বাড়ির ভেতরে চাচিকে ভাতিজারা কুপিয়ে হত্যা করলে এটাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলা যাবে না, এটা তো পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ সহিংসতার এসব ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।’