১১ দিনেও আসামিকে রিমান্ডে নেয়নি পুলিশ!
রাঙামাটির কাউখালীর স্কুলছাত্রী তুমাচিং মারমা ধর্ষণ ও হত্যা মামলার আসামি মো. আলাউদ্দিনের বিরুদ্ধে ১১ দিন আগে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। কিন্তু এত দিনেও তাঁকে রিমান্ডে নেয়নি পুলিশ। আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৩ জানুয়ারি রাঙামাটির ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম মো. সিরাজুদ্দৌলা কুতুবী তুমাচিং হত্যার স্থান থেকে সংগৃহীত আলামত পরীক্ষার অনুমতি দেন। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) জেলা সমন্বয়কারী জুয়েল দেওয়ানের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামি আলাউদ্দিনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন তিনি। তুমাচিং ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল আলম মোল্লা গতকাল বুধবার প্রথম আলোকে জানান, আলাউদ্দিনের (২৫) বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কিন্তু তিনি ব্যস্ত থাকায় আসামিকে রিমান্ডে নেওয়া সম্ভব হয়নি। মামলার অন্য তিন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছেন তিনি। জুয়েল দেওয়ান জানান, আজই (গতকাল) আদালতের নির্দেশের অনুলিপি হাতে পাওয়া গেছে। ডিএনএ পরীক্ষার জন্য প্রায় ১০ হাজার টাকা জমা দিতে হয়। কিন্তু তুমাচিংয়ের পরিবারের পক্ষ থেকে এই টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই ব্লাস্টসহ নারী সংগঠনের পক্ষ থেকে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।গত বছরের ২১ ডিসেম্বর উপজেলার বড়ডলু পাড়ায় নিজ বাড়ি কাছের পাহাড় থেকে গরু আনতে গেলে তুমাচিংকে ধর্ষণ শেষে হত্যা করা হয়। এ ঘটনায় ২৪ ডিসেম্বর চারজনকে আসামি করে কাউখালী থানায় মামলা করা হয়। তুমাচিং স্থানীয় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। তুমাচিংয়ের হত্যা মামলার অন্য আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পার্বত্য চট্টগ্রামভিত্তিক বিভিন্ন নারী সংগঠনের আজ বৃহস্পতিবার উপজেলায় বিক্ষোভ ও সমাবেশ করার কথা। এর আগে ১৪ জানুয়ারি নারী সংগঠনগুলো একই দাবিতে রাঙামাটিতে সমাবেশ করে।