১১ দিনেও ক্লু পায়নি পুলিশ, সিআইডিতে যেতে পারে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লগার অনন্ত বিজয় দাশ
ব্লগার অনন্ত বিজয় দাশ

সিলেটে লেখক, ব্লগার ও তরুণ ব্যাংকার অনন্ত বিজয় দাশকে হত্যার ১১ দিন পরও পুলিশ হত্যাকাণ্ডের কোনো সূত্র (ক্লু) বের করতে পারেনি। এতে হতাশ হয়ে পড়েছেন তাঁর স্বজনেরা। এখন মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
এই মামলার তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হত্যাকারীদের সম্পর্কে তথ্য পেতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। তবে এই হত্যায় উগ্রপন্থী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম সন্দেহের শীর্ষে রয়েছে। আনসারুল্লাহর সদস্যরা যে ৮৪ জন ব্লগারকে খুন করার তালিকা করেছিলেন, তাতে অনন্তর নামও ছিল। এ ছাড়া তদন্তে আরও কয়েকটি সন্দেহকে বিবেচনায় নেওয়া হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিলেট মহানগরের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নূরুল আলম প্রথম আলোকে বলেন, ‘হত্যাকারীদের শনাক্ত করতে আমরা নানামুখী চেষ্টা চালাচ্ছি। যদিও এখন পর্যন্ত কোনো ক্লু-ই পুলিশ পায়নি, তবে তদন্ত চলছে পুরোদমেই। স্পর্শকাতর হওয়ায় মামলাটি সিআইডিতে হস্তান্তরের সম্ভাবনা আছে।’
খুনিদের গ্রেপ্তার তো দূরের কথা ১১ দিনেও কোনো ক্লু না পাওয়ায় হতাশ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে অনন্তর স্বজন ও শুভানুধ্যায়ীরা। তাঁরা জানান, অনন্তর হত্যার পর মনে হচ্ছে, রাষ্ট্র যেন এর দায় নিতে অনিচ্ছুক। রাষ্ট্র চাইলে শিগগিরই খুনিরা ধরা পড়ত। অনন্তর বড় বোনের স্বামী ও সিলেট কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সমর বিজয় শেখর জানান, খুনিরা ধরা না পড়ায় পরিবারের সবাই হতাশ হয়ে পড়েছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘মামলাটি সিআইডিতে হস্তান্তরের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। খুনিরা এখন পর্যন্ত শনাক্ত না হলেও আমরা চেষ্টার কোনো কমতি রাখছি না।’
গত ১২ মে সিলেট নগরের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার পথে বাসার অদূরে কুপিয়ে হত্যা করা হয় অনন্তকে। ঘটনার দিন রাতে বিমানবন্দর থানায় মামলা করেন তাঁর ভাই রত্নেশ্বর দাশ। এজাহারে বিজ্ঞান বিষয়ে লেখালেখির কারণে অনন্তকে ‘উগ্র ধর্মান্ধ গোষ্ঠী’ পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে উল্লেখ করা হয়।