১১ দিনেও ধান কেনাহয়নি
জয়পুরহাটের আক্কেলপুরে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের ১১ দিনেও কৃষকেরা এক ছটাক ধান সরকারি গুদামে বিক্রি করতে পারেননি। ধানের শুষ্কতা কম থাকার অজুহাত দেখিয়ে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ে বিলম্ব করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে কৃষকেরা বাজারে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
ভদ্রকালী গ্রামের মিলন হোসেন জানান, দশ দিন আগে তিনি ধান মাড়াই শেষ করেছেন। উপজেলা সদরের খাদ্যগুদামে গিয়ে জানতে পারেন, এখনো কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হয়নি। তাই বাজারে ধান বিক্রি করে দিয়েছেন।
জাফরপুর গ্রামের কৃষক জহুরুল ইসলাম বলেন, ‘হামরা গরিব কৃষক। সবকিছু বাকি লিয়ে ধান চাষ করিছি। একন ধান তুলে তাদেরকে বাকির দিয়্যা লাগবে। তাই আগেভাগে ধান বিক্রি করিছি। সরকারি গুদাম আলারা যখন ধান লিবে, তখন হামাকে ঘরত বিক্রির জন্য ধান থাকবে না। আর হামারাও সরকারের কাছে ধান বিক্রি করবার পারমু না।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ৩৬৩ মেট্রিক টন ধান ও দুই হাজার ৬৮০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ২৯ মে ২০ মেট্রিক টন চাল সংগ্রহের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়। অভিযানের আট দিনে দুটি খাদ্যগুদামে শুধু ১৬২ টন চাল সংগ্রহ করা হয়েছে। এখনো কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হয়নি।
৫ জুন উপজেলা সদরের কলেজ হাটে গিয়ে দেখা গেছে, মোটা জাতের প্রতি মণ ধান ৫৪০ টাকা ও চিকন জাতের ধান ৬৮০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষকেরা জানান, সরকারিভাবে ধান সংগ্রহ শুরু না হওয়ায় বাজারে মোটা জাতের ধান বেশি আসছে। এ কারণে তাঁরা ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এম এইচ মমীনুল হক মিয়া বলেন, আবহাওয়ার কারণে কৃষকেরা ধান শুকাতে পারেননি। তাই ধানে প্রয়োজনীয় শুষ্কতা পাওয়া যাবে না। এ কারণে কৃষকদের কাছ থেকে ধান কেনায় বিলম্ব হচ্ছে। তবে শিগগির কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে। এখন মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হচ্ছে।
জানতে চাইলে উপজেলা ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন বলেন, একসঙ্গে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে বিলম্ব হচ্ছে কেন, তার খোঁজ নেওয়া হবে।