১১ দিনেও লাগেজের স্তূপ সরায়নি সৌদি এয়ারলাইনস
সৌদি এয়ারলাইনসের আলাদাভাবে পাঠানো বিপুলসংখ্যক লাগেজের স্তূপ ১১ দিনেও সরানো সম্ভব হয়নি। এ নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) গতকাল রোববার সৌদি এয়ারলাইনসের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেও কোনো সুরাহা করতে পারেনি।
বিমানবন্দর সূত্র জানায়, লাগেজের স্তূপের কারণে এরই মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আটটি কনভেয়ার বেল্টের মধ্যে দুটির ব্যবহার বন্ধ করে দিতে হয়েছে। শিগগির ব্যবস্থা নেওয়া না হলে অন্য কনভেয়ার বেল্ট ব্যবহার বন্ধ হয়ে যেতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এম কে জাকির হাসান প্রথম আলোকে বলেন, দ্রুত লাগেজের এ স্তূপ সরিয়ে নিতে সৌদি এয়ারলাইনসকে তাগাদা দিয়ে চিঠি দেওয়া হয়েছে। তিনি জানান, সৌদি এয়ারলাইনস তাদের এসব লাগেজ রাখার জন্য তিন দিন সময় নিয়েছিল। কিন্তু ১১ দিন পার হলেও তা সরিয়ে নেয়নি, প্রতিদিন নতুন নতুন লাগেজ আসছে।
বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, গত ১০ আগস্ট থেকে প্রতিদিন সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে জেদ্দা থেকে আলাদাভাবে পাঠানো শত শত লাগেজ এসে শাহজালাল বিমানবন্দরে জমা হচ্ছে। এসব লাগেজের মালিক যেসব যাত্রী, তাঁরা আরও আগে ঢাকায় এসেছেন। স্থান সংকুলান না হওয়ায় তাঁদের সঙ্গে লাগেজগুলো পাঠাতে পারেনি বিমান সংস্থাটি। কথা ছিল, বিমান সংস্থাটি লাগেজগুলো যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট যাত্রীদের বুঝিয়ে দেবে, কিন্তু সেভাবে কাজটি তারা করতে পারেনি। এ অবস্থায় প্রতিদিন শত শত লাগেজ এসে জমা হচ্ছে এবং সেগুলো কনভেয়ার বেল্টের পাশেই স্তূপ করে রাখা হচ্ছে। ফলে প্রতিদিন বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীরা তাঁদের লাগেজ সংগ্রহ ও ট্রলি নিয়ে চলাফেরা করতে বেশ বেগ পাচ্ছেন।
এ বিষয়ে সৌদি এয়ারের ঢাকা অফিসের কর্মীরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
সিভিল এভিয়েশন সূত্র জানায়, এ বিষয়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ গতকাল রোববার সৌদি এয়ারলাইনসের সঙ্গে বৈঠক করে। বৈঠকে সৌদি এয়ারের এ দেশীয় ব্যবস্থাপক (কান্ট্রি ম্যানেজার) যাননি, তিনি এখানকার বাংলাদেশি কর্মকর্তাদের পাঠিয়েছেন। বৈঠকে বিমানবন্দরের কর্মকর্তারা বলেন, ঈদের পরপর ফিরতি হজ ফ্লাইট শুরু হলে তখন পরিস্থিতি আরও খারাপ হবে। তাই দ্রুত লাগেজ সরাতে সৌদি এয়ারের প্রতিনিধিদের বলা হয়েছে।
বৈঠক-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বারবার বলা সত্ত্বেও সৌদি এয়ারের কর্মকর্তারা বিষয়টিকে গুরুত্বসহকারে নিচ্ছেন না। এমনকি কান্ট্রি ম্যানেজার বৈঠকেই আসেননি। তিনি অধস্তন যেসব কর্মীকে পাঠিয়েছেন, তাঁরা বৈঠকে কোনো সিদ্ধান্ত দিতে পারেননি।