১১ দিনেও সন্ধান মেলেনি ট্রলারসহ ১৮ জেলের
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ১৮ জেলের ১১ দিনেও কোনো সন্ধান মেলেনি। ১৪ আগস্ট সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারসহ তাঁরা নিখোঁজ হন।
এ ঘটনায় ট্রলারমালিকের ছেলে নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা নূরুল আলম বরগুনার পাথরঘাটাসহ উপকূলীয় এলাকা ঘুরে মৎস্যজীবীদের মাধ্যমে ওই ট্রলার ও জেলেদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন।
নিখোঁজ জেলেরা হলেন জাফর মাঝি, রাশেদ মিয়া, তাজুল ইসলাম, দিদার হোসেন, মো. মিরাজ, ফরহাদ, স্বপন, জহির উদ্দিন, মনির হোসেন, মিরাজ মিয়া, মেহেরাজ, সোহেল, সানাউল্লাহ, রোমান, মিরাজ হোসেন, ইসরাত হোসেন, মিরাজ হাওলাদার ও এনায়েত হোসেন। তাঁদের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ, জাহাজমারা ও কেয়ারিং চর এলাকায়।
ট্রলারমালিকের ছেলে নূরুল আলম বরগুনার পাথরঘাটায় সন্ধানে এসে গতকাল বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করেছেন।
নূরুল আলম জানান, নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকা থেকে ১৮ জেলে এফবি নূরুল আলম ট্রলার নিয়ে মাছ ধরতে সাগরে রওনা হন। ধারণা করা হচ্ছে, ১৪ আগস্ট সাগরে মাছ ধরতে গিয়ে ১৬ ও ১৭ আগস্টের আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। এতে ওই ট্রলারসহ ১৮ জেলের কোনো সন্ধান ১১ দিনেও মেলেনি। এ ঘটনায় হাতিয়া থানায় ২১ আগস্ট সাধারণ ডায়েরি করা হয়েছে।