১১ দিনেও সন্ধান মেলেনিপ্রবাস-ফেরত শরীফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের দিনক্ষণ ঠিকঠাক। বিয়ের কেনাকাটা করতে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গিয়ে ১১ দিন ধরে শরীফুল ইসলাম নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। এ অবস্থায় তাঁকে না পেয়ে পরিবারের লোকজন উদ্বেগ-উৎকণ্ঠায় আছে। কিশোরগঞ্জ সদরের বেত্রাহাটি গ্রামের নূরুল ইসলামে ছেলে শরিফুল ইসলাম ১৮ দিন আগে সিঙ্গাপুর থেকে বাড়ি আসেন। ইতিমধ্যে প্রতিবেশী এক মেয়ের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়। গত ২৪ অক্টোবর বিয়ের আনুষ্ঠানিকতা ও তারিখ ধার্য হয়। বিয়ের কেনাকাটা করার জন্য আগের দিন ২৩ অক্টোবর সকালে ব্যাংক থেকে টাকা তুলতে কিশোরগঞ্জ শহরে আসেন তিনি। পরে আর বাড়ি ফিরে না যাওয়ায় পরিবারের লোকজন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাননি। তাঁদের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে অজ্ঞাত দুর্বৃত্তরা শরীফকে অপহরণ শেষে খুন করে লাশ গুম করেছে। এ ব্যাপারে নিখোঁজ শরীফের ভাই হান্নানুল মান্নান কিশোরগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।সাধারণ ডায়েরি করার পর অভিযানে নামেন উপপরিদর্শক মো. হাবিবুর রহমান। অনেক খোঁজাখুঁজির পরও শুক্রবার পর্যন্ত শরিফুল ইসলামের কোনো সন্ধান পাননি। কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শরীফের নিখোঁজ হওয়ার রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ তৎপরতা চালিয়েছে। বিভিন্ন ব্যাংকে খবর নেওয়া হয়েছে এ নামের কোনো ব্যক্তি টাকা উত্তোলন করেছেন কি না। বিভিন্ন জায়গায় সোর্স কাজ করছে। দেখা যাক, কী হয়। ইতিমধ্যে কয়েকটি লাশও পরীক্ষা করা হয়েছে। কিন্তু লাশগুলোতে শরীফের সন্ধান মেলেনি।