১১ দিনের মজুরি পাননি ১২ শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে কর্মসৃজন কর্মসূচি প্রকল্পে কাজ করেও ১২ জন শ্রমিক ১১ দিনের ২৩ হাজার ১০০ টাকা মজুরি পাননি। ১৫ দিন আগে প্রকল্পের মেয়াদ শেষ হলেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যের মধ্যে দ্বন্দ্বের কারণে ব্যাংকে হাজিরা খাতা জমা না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর ইউনিয়নে কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের কাজ গত ২৬ এপ্রিল থেকে শুরু হয়ে ২২ জুন পর্যন্ত চলে। প্রকল্পের আওতায় ১১৭ জন শ্রমিক মাটি কাটার কাজ করেন। এর মধ্যে আট নম্বর ওয়ার্ডে ১২ জন শ্রমিক রাস্তায় মাটি কাটার কাজ করেন। বিধি মোতাবেক অন্য শ্রমিকেরা পাঁচ দিন কাজ করে সপ্তাহের বৃহস্পতিবার অগ্রণী ব্যাংক ধুনট শাখা থেকে নিজ নিজ হিসাব নম্বর থেকে মজুরির টাকা উত্তোলন করেছেন। ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তাফিজুর রহমানের সঙ্গে চেয়ারম্যান আনোয়ার হোসেনের মতবিরোধ থাকায় ১২ জন শ্রমিকের হাজিরা খাতা ব্যাংকে জমা হয়নি। এ কারণে তাঁদের ১১ দিনের ২৩ হাজার ১০০ টাকা মজুরি উত্তোলন করতে পারছেন না।
শ্রমিক সরদার বাবু মিয়া বলেন, ‘কর্মসৃজন প্রকল্পের আওতায় কাজ করলেও আমরা ১২ জন শ্রমিক ১১ দিনের মজুরি পাই নাই। আমাইগরে জনপ্রতি মজুরি ১ হাজার ৯২৫ টাকা বকেয়া রয়েছে।’
ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, ‘শ্রমিকদের হাজিরা খাতায় স্বাক্ষর নিয়ে চেয়ারম্যানের কাছে জমা দিয়েছি। চেয়ারম্যান ব্যাংকে জমা না দেওয়া তাঁরা মজুরি পাননি।’
চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ওই সব শ্রমিক কাজ করেছেন ৮ নম্বর ওয়ার্ডে। তাঁদের বেতন-ভাতার মাস্টাররোল সম্পর্কে ওই ওয়ার্ডের সদস্য ভালো বলতে পারবেন। এ বিষয়টি তাঁর ভালো জানা নেই।
উপজেলা পিআইও রিয়াজুল ইসলাম বলেন, নতুন করে হাজিরা খাতা তৈরি করে ব্যাংকে জমা দেওয়ার জন্য ইউপি চেয়ারম্যানকে পরামর্শ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।