১১ দোকানকে ৬২ হাজার টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমজান মাস সামনে রেখে বাজার মনিটরিং টিম চট্টগ্রাম নগরের বিভিন্ন বাজারের ১১টি দোকানকে ৬২ হাজার টাকা জরিমানা করেছে।
গতকাল বুধবার তিনটি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নানা অনিয়মের কারণে এসব জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান, ঝোটন চন্দ ও আনিসুল ইসলাম আদালতের নেতৃত্ব দেন। বিএসটিআই এবং পুলিশ আদালতকে সহযোগিতা করে।
আদালত কাজীর দেউড়ি বাজারে মূল্য তালিকা না টানানো এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে জনতা স্টোরকে ২০ হাজার টাকা এবং ইলিয়াস স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই মার্কেটে কেজিতে কম দেওয়ার অপরাধে এক মাংস দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে চকবাজারে দুটি মুদি দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।