১১ নভেম্বর থেকে মাদককে ‘না’
১১ নভেম্বর থেকে মাদককে ‘না’ বলার শপথ করালেন নড়াইলের জেলা প্রশাসক। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে আইনের কার্যকর প্রয়োগের মাধ্যমে খুলনা বিভাগকে ধূমপানমুক্তকরণ শীর্ষক এক মতবিনিময় সভায় উপস্থিত সবাইকে এই শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. জহুরুল হক।শপথবাক্য পাঠ করানোর সময় ১১ নভেম্বর দিনটিকে বেছে নেওয়ার জন্য তিনি সবাইকে অনুরোধ করেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ১১ নভেম্বর তারিখের ঘরের সব সংখ্যা ১ দিয়ে লিপিবদ্ধ। এমন দিন অনেকের জীবনে আর না-ও আসতে পারে। আর এ কারণেই দিনটি স্মরণীয় করে রাখতে ১১ নভেম্বর থেকে মাদক সেবন করা থেকে বিরত থাকার জন্য তিনি সবাইকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত সবাই স্বতঃস্ফূর্তভাবে শপথবাক্য পাঠ করেন। সিভিল সার্জন আবদুস সামাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক হাওলাদার মো. রকীবুল বারী, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী, এইড ও তামাকবিরোধী জোটের আশাবুল হক, জেলা ক্রীড়া কর্মকর্তা খান মকসুদুর রহমান প্রমুখ।