নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদের সব কটিতে বিজয়ী হয়েছে।
আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ১১টি পদের মধ্যে গতকাল শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে আওয়ামী লীগের সুশান্ত কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগের আনোয়ারুল ইসলাম বিজয়ী হয়েছেন। এ ছাড়া বাকি নয়টি পদে বিএনপি প্যানেল থেকে কোনো প্রার্থী না দেওয়ায় আওয়ামী লীগ প্যানেলের নয় প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
বিজয়ীরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রশিদ, কনিষ্ঠ সহসভাপতি লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ম্যাগাজিন সম্পাদক দিল নেওয়াজ, পাঠাগার সম্পাদক গোলাম সারোয়ার, কোষাধ্যক্ষ আবদুস সালাম, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নিরীক্ষণ সম্পাদক তাজ উদ্দিন ও মহিলা সম্পাদিকা আঞ্জুয়ারা পারভিন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন লোকমান হোসেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের কিছু আগেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।