১১ পদের ৭টিতে বিএনপিপন্থী শিক্ষকদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১১টি পদের ৭টিতেই জয়ী হয়েছেন বিএনপিপন্থী প্যানেলের শিক্ষকেরা। বাকিগুলোতে জয়ী হয়েছেন আওয়ামী লীগপন্থী শিক্ষকেরা। গত মঙ্গলবার এ নির্বাচন হয়।
সভাপতি নির্বাচিত হন আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম প্যানেলের মো. ছোলায়মান আলী ফকির (ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগ)। সাধারণ সম্পাদক বিএনপিপন্থী শিক্ষকদের ফোরাম ‘সোনালী দল’ প্যানেলের মো. আবুল হাশেম (পশুবিজ্ঞান বিভাগ)।
বিএনপিপন্থী শিক্ষকদের প্যানেল থেকে নির্বাচিত অপর ছয়জন হলেন সহসভাপতি মাসুম আহমাদ (কীটতত্ত্ব), কোষাধ্যক্ষ মো. আরিফুল ইসলাম (স্বাস্থ্য ও জীবাণুবিদ্যা), যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম (বায়োটেকনোলজি), সদস্য পদে জোয়ারদার ফারুক আহমেদ (মাৎস্য ব্যবস্থাপনা), মো. আবদুল আলীম (প্যারাসাইটোলজি) ও দীন ইসলাম (সেচ ও পানি ব্যবস্থাপনা)।
আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল থেকে নির্বাচিত অপর তিনজন হলেন সদস্য পদে হাসানুজ্জামান তালুকদার (প্যারাসাইটোলজি), মো. মনিরুজ্জামান (কৃষি ব্যবসা ও বিপণন) ও মো. রমিজ উদ্দিন (কৃষিতত্ত্ব)।
বিশ্ববিদ্যালয় ক্লাবে মঙ্গলবার ভোট গ্রহণ শেষে বিদায়ী সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক খন্দকার শরীফুল ইসলাম ওই দিন রাত ১০টার দিকে এ ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে ৪৩৪ জন শিক্ষক ভোট দেন।