কক্সবাজারের টেকনাফে গত মঙ্গলবার এক লাখ ইয়াবা বড়িসহ ট্রলার জব্দের ঘটনায় জড়িত ১১ জন পাচারকারীকে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিপুল পরিমাণ ইয়াবা আত্মসাৎ করতে কৌশলে পাচারকারীদের ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ছেড়ে দেওয়া লোকজন গ্রামে এসে কোস্টগার্ড বাহিনীর সদস্যদের গোপন তথ্য ফাঁস করে দিচ্ছেন। তবে এই অভিযোগ ভিত্তিহীন দাবি করে কোস্টগার্ড বাহিনীর শাহপরীর দ্বীপ স্টেশনের পেটি অফিসার মো. ওবাদুল হক জানান, ‘মঙ্গলবার বেলা সাড়ে তিনটা থেকে পৌনে চারটার দিকে নাফ নদীর ঘোলারচরে মোহনায় ইয়াবাভর্তি একটি ট্রলার আসার খবর পাই। এবং ওই ট্রলারটি থামানোর সংকেত দিই। এ সময় ট্রলারটি পালানোর চেষ্টা করলে ধাওয়া করা হয়। ট্রলারটি ঘোলারচরে তুলে দিয়ে ছয়-সাতজন পাচারকারী পালিয়ে যান। পরে ট্রলারটি তল্লাশি চালিয়ে কনটেইনারভর্তি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে ইয়াবাভর্তি কনটেইনারটি কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কর্মকর্তা লেফটেন্যান্ট এম বদরুদ্দৌজা টেকনাফ নিয়ে যান। কিন্তু ওই কনটেইনারে কত ইয়াবা ছিল, তা তাঁর (ওবাদুল) পক্ষে জানা সম্ভব হয়নি। স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, মিয়ানমার থেকে সমুদ্রপথে টেকনাফ আনার পথে সেন্ট মার্টিন দ্বীপের অদূরে ১০ বাইন নামক এলাকায় কোস্টগার্ড বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণের ইয়াবা, ট্রলারসহ ১১ পাচারকারীকে আটক করেন। পরে কোস্টগার্ড বাহিনীর সদস্যরা ওই পাচারকারীকে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া গ্রামের সমুদ্রসৈকতে নামিয়ে দিয়ে ট্রলারটি নিয়ে ফিরে যান। এ সময় স্থানীয় লোকজন ১১ পাচারকারীকে ধরে শাহপরীর দ্বীপ আওয়ামী লীগের কার্যালয়ে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় ওই ট্রলারের মাঝি (মিয়ানমারের নাগরিক) সোলতান আহমদ উপস্থিত লোকজন ও আওয়ামী লীগ নেতাদের জানান, সেন্ট মার্টিনের ছেরাদিয়া সাগরে ইয়াবাগুলো খালাস করা হয়। মিয়ানমারের আকিয়াব থেকে অন্য একটি ট্রলার এই ইয়াবার চালান নিয়ে আসে। ৩০ লিটার ওজনের একটি কনটেইনারে তিন লাখ পিস ইয়াবা বড়ি ছিল বলে তিনি জানতে পারেন। ওই ছেরাদিয়া থেকে টেকনাফ আনার পথে কোস্টগার্ড বাহিনী তাঁদের ধাওয়া করে এবং ১০ বাইন নামক সাগর এলাকায় তাঁদের ধরে ফেলে। এ সময় ট্রলার থেকে ইয়াবাভর্তি কনটেইনারটি উদ্ধার করে তাঁদের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া উপকূলে নামিয়ে দেওয়া হয়। ইয়াবাবোঝাই এফ ভি সুমাইয়া নামের আটক ট্রলারের মালিক টেকনাফ পৌরসভার কায়ূকখালীয়া পাড়ার মো. ছৈয়দ আলম বলে তিনি স্বীকারোক্তি দেন। ছাড়া পাওয়া অপর ১০ পাচারকারী টেকনাফের বিভিন্ন এলাকার বাসিন্দা। নাম প্রকাশে অনিচ্ছুক শাহপরীর দ্বীপ আওয়ামী লীগের এক নেতা ট্রলার মাঝি সোলতান আহমদের স্বীকারোক্তির সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা পাচারের সঙ্গে প্রভাবশালী মহল জড়িত। তাই এই অবস্থা। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, এ ঘটনায় শাহপরীর দ্বীপ কোস্টগার্ড স্টেশনের পেটি অফিসার পুলট বড়ুয়া বাদী হয়ে অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। এতে এক লাখ ইয়াবাসহ ট্রলার জব্দের বর্ণনা রয়েছে। কোস্টগার্ড চট্টগ্রামের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান জানান, ইয়াবা চালানসহ ট্রলার জব্দের ঘটনায় আটক ১১ জনকে ছেড়ে দেওয়া অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।