১১ পায়রা উড়িয়ে ১১ দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটায় তখন বেলা ১১টা। সিলেট নগরের পাশ দিয়ে বহমান সুরমা নদীর তীরে কিনব্রিজের সামনে দাঁড়ানো পরিবেশবাদী মনোভাবাপন্ন ১১ জন। তাঁদের হাতে শান্তির প্রতীক ১১টি পায়রা। আকাশে ১১টি পায়রা উড়িয়ে পেশ করা হয় ১১ দফা দাবি। বেলা ১১টায় ১১ দাবিতে ১১টি পায়রা উড়ানোর এ কর্মসূচির সূচনায় উপস্থিত লোকজনের করতালিতে মুখর হয়ে ওঠে আশপাশ। সোমবার এভাবেই আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ‘অঙ্গীকার বাংলাদেশ’ এ কর্মসূচি পালন করে। বাংলাদেশ-ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-মনমোহন শীর্ষ বৈঠকে টিপাইমুখ বাঁধের প্রসঙ্গ আলোচ্যসূচিতে রেখে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশাসহ ১১ দফা দাবি পেশ করা হয় ওই কর্মসূচিতে। এরপর প্রবীণ রাজনীতিক আরশ আলীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় বক্তব্য দেন কবি তুষার কর, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়েশা চৌধুরী, আল-আজাদ, আনোয়ার হোসেন, শামীমা শাহরিয়ার, স্বপন কুমার নাথ, রাজীব চক্রবর্তী প্রমুখ।