১১ পুলিশ কর্মকর্তাকে আইজি পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদলীয় জোট সরকারের আমলে চাকরি হারানো পুলিশ কর্মকর্তাদের মধ্যে ১১ জনকে আইজি, ১১ জনকে অতিরিক্ত আইজি ও ছয়জনকে ডিআইজি হিসেবে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে স্বাভাবিক অবসর দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা থেকে সম্প্রতি এ-সংক্রান্ত আদেশ দেওয়া হয়েছে। আইজি হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য কর্মকর্তারা হলেন, এ টি এম আহমেদুল হক চৌধুরী, শহিদুল ইসলাম চৌধুরী, নুরুল আনোয়ার, এনায়েতুল্লাহ দেওয়ান, আবদুর রউফ ও আবদুল হান্নান। সূত্র জানায়, চারদলীয় জোট সরকারের আমলে প্রথম দফা ৩৬ জন ও দ্বিতীয় দফায় ২০ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। এসব কর্মকর্তা চাকরি ফিরে পাওয়ার জন্য আদালতে মামলা করেন। আদালত তাঁদের চাকরি পুনর্বহাল করার আদেশ দেন। আদালতের নির্দেশেই ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে তাঁদের স্বাভাবিক অবসর দেওয়া হয় বলে জানা গেছে। ভূতাপেক্ষ পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে আবদুল হান্নান প্রথম আলোকে জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার থাকার সময় ২০০২ সালে তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। এ নিয়ে তিনি মামলা করলে আদালত সরকারের অবসর আদেশ অবৈধ ঘোষণা করে তাঁকে চাকরিতে পুনর্বহালসহ বকেয়া বেতন-ভাতাদি দেওয়ার আদেশ দেন। তাঁর আদেশে বলা হয়, বাধ্যতামূলক অবসর দেওয়া না হলে স্বাভাবিক নিয়মে তিনি ২০০৩ সালে অতিরিক্তি ডিআইজি, ডিআইজি, ২০০৫ সালে অতিরিক্ত আইজি এবং ২০০৭ সালে আইজি পদে পদোন্নতি পেতেন। এ হিসেবে চারটি ধাপে তাঁকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়। অন্য কর্মকর্তাদের ক্ষেত্রেও একই আদেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।