১১ পুলিশসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা নিতে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নির্যাতনে’ এক ব্যবসায়ীর দুই চোখ নষ্ট হওয়ার অভিযোগে খুলনা নগরের খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১৩ জনের বিরুদ্ধে মামলা নিতে আদালতে আবেদন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালতে আবেদনটি করেন ভুক্তভোগী শাহজালালের মা রেণু বেগম।

মামলার আবেদনে থাকা ১৩ আসামির মধ্যে ১১ জনই পুলিশের সদস্য। তাঁদের মধ্যে খালিশপুর থানার ওসি নাসির খান রয়েছেন।

আবেদনকারীর আইনজীবী ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়ক মমিনুল ইসলাম বলেন, বাদীর জবানবন্দি লিপিবদ্ধ (রেকর্ড) করেছেন আদালত। এ বিষয়ে আদেশের জন্য আদালত ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।

গত ৩১ জুলাই প্রথম আলোয় প্রকাশিত ‘মেয়ের হাঁটা দেখা হলো না শাহজালালের’ শিরোনামের একটি খবর যুক্ত করে আদালতে আবেদনটি করা হয়েছে।

গত ১৮ জুলাই রাতে শাহজালালকে (৩১) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই খুলনা নগরের খালিশপুরের গোয়ালখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে ছিনতাইকারী সন্দেহে তাঁকে আটক করেছিল পুলিশ। তারপর পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ওঠে। শাহজালালের শ্বশুরবাড়ির লোকজনের অভিযোগ, পুলিশই নির্যাতন করে তাঁর চোখ নষ্ট করে দিয়েছে।

শাহজালালের পরিবারের সদস্যদের ভাষ্য, তাঁর বাড়ি পিরোজপুরের কাউখালীতে। তিনি সবজি ব্যবসায়ী। স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে ১৭ জুলাই খুলনায় শ্বশুরবাড়ি এসেছিলেন তিনি। পরের দিন রাতেই তাঁর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ ওঠে। সেই অভিযোগে শাহজালালকে ধরে নিয়ে যায় পুলিশ। সেই রাতেই স্ত্রী ও শাশুড়ির সঙ্গে থানায় শাহজালালের দেখাও হয়। তখনো তাঁর চোখ ভালো ছিল। কিন্তু পরের দিন শাহজালালকে হাসপাতালে পাওয়া যায়।

ছিনতাই মামলার বাদী সুমা আক্তারের ভাষ্য, ১৮ জুলাই রাত ১১টার দিকে তিনি রিকশায় করে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। গোয়ালখালী কবরস্থান এলাকায় আসার পর একটি মোটরসাইকেলে দুজন ছিনতাইকারী তাঁর কাছে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাঁর চিৎকার শুনে বাসস্ট্যান্ড মোড়ের লোকজন ধাওয়া দিয়ে মোটরসাইকেল থেকে এক ছিনতাইকারীকে ধরে ফেলে।

গোয়ালখালী বাসস্ট্যান্ড এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, ছিনতাইয়ের ঘটনার পর ছিনতাইকারী সন্দেহে একজনকে আটক করে পিটুনি দেওয়া হয়। কিছুক্ষণ পর পুলিশ এলে তাদের হাতে তুলে দেওয়া হয়। ওই সময় তাঁর চোখ ভালো ছিল।

খালিশপুর থানার ওসি নাসিম খানের দাবি, চোখ নষ্ট অবস্থায় আসামিকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছিল পুলিশ।