১১ প্রতিষ্ঠানকে ৯১ হাজার টাকা জরিমানা
বাজার তদারকির অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কয়েকটি ভ্রাম্যমাণ দল গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১টি প্রতিষ্ঠানকে ৯১ হাজার টাকা জরিমানা করেছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে হাতিরপুল বাজারের মেসার্স আতিক স্টোরকে পাঁচ হাজার ও ভাই ভাই স্টোরকে তিন হাজার টাকা, সেগুনবাগিচার এনজয় রেস্তোরাঁকে ২০ হাজার টাকা, চকবাজারের মধুবন সুইটমিটকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
পশ্চিম রামপুরা এলাকার পাটোয়ারি স্টোরকে পাঁচ হাজার, হাজী আনোয়ার ট্রেডার্সকে পাঁচ হাজার ও নিউ মেলা রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রাজধানীর উত্তর গোড়ান এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লা সুইটস অ্যান্ড বেকারিকে ১০ হাজার টাকা, স্বর্ণা রাইসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের আরেকটি দল মালিবাগের ফাহিমের দোকানকে পাঁচ হাজার টাকা ও কোল্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। বিজ্ঞপ্তি।
দুই রেস্তোরাঁকে জরিমানা: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার সংরক্ষণ করায় রাজধানীর দুটি রেস্তোরাঁকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ঢাকা জেলা প্রশাসন ও পুলিশ গতকাল এই অভিযান পরিচালনা করে।
আদালত নিউ বেইলি রোডের ‘নবাবী ভোজ’ নামের একটি রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। একই আদালত বসুন্ধরা সিটি শপিং মলের কেপরিকর্নস ওয়ার্ল্ড নামের আরেকটি রেস্তোরাঁকে জরিমানা করেন ৫০ হাজার টাকা ।
জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. রাশেদুল কাদের ওই অভিযান পরিচালনা করেন। বিজ্ঞপ্তি।