১১ প্রাথমিক বিদ্যালয়ে একজন করে শিক্ষক
‘অফিসের কাজে আমাকে প্রায়ই উপজেলা শিক্ষা অফিসে যেতে হয়, তাই বাধ্য হয়ে বিদ্যালয় বন্ধ করে শিক্ষার্থীদের ছুটি দিয়ে দিই। যেদিন বিদ্যালয়ে থাকি, সেদিনও আমাকে দৌড়ে দৌড়ে পাঁচটি শ্রেণীকক্ষ একাই সামলাতে হয়। এ অবস্থায় শিক্ষার্থীদের লেখাপড়া কতটুকু হচ্ছে তা আর বলার থাকে না।’ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রাথমিক শিক্ষার দুরবস্থার চিত্র এভাবেই বর্ণনা করলেন উপজেলার খাশিলা (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র শিক্ষক বদরুল ইসলাম।খোঁজ নিয়ে জানা গেছে, এ বিদ্যালয়ের মতো উপজেলার আরও ১১টি বিদ্যালয় চলছে একজন করে শিক্ষক দিয়ে। এ ছাড়া ২৫টি বিদ্যালয় চলছে দুইজন করে শিক্ষক দিয়ে। সর্বোচ্চ তিনজন করে শিক্ষক রয়েছেন ৬৩টি বিদ্যালয়ে। শিক্ষকস্বল্পতায় উপজেলার প্রায় ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থীর লেখাপড়া মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। উপজেলায় ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে ৩০টিতে এবং সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ৪২টিতে। এক শিক্ষকবিশিষ্ট বিদ্যালয়গুলো হলো: খাশিলা (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলবাক (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুরতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঐয়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুক্লাম্ভরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলবাক (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গ্রোপাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতাউকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুধরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম শিক্ষক-সংকটের কথা স্বীকার করে বলেন, ‘এ উপজেলায় দীর্ঘদিন ধরে শিক্ষক-সংকট চলে আসছে। শিক্ষক-সংকটের অন্যতম কারণ এ উপজেলায় শিক্ষার হার কম। এ কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শিক্ষক না পাওয়ায় বহিরাগত শিক্ষক নিয়োগ করতে হয়। তাঁরা এ উপজেলায় যোগদান করেই নিজ নিজ উপজেলায় চলে যেতে চান। আমি এ উপজেলায় যোগদানের পর থেকে বিশেষ কারণ ছাড়া বদলি বন্ধ করে দিয়েছি।’জগন্নাথপুর উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক কলকলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হাশিম বলেন, ‘শিক্ষকস্বল্পতার কারণে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হওয়ায় আমরা দুশ্চিন্তায় পড়েছি।’আবদুল হাশিম অভিযোগ করে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগে স্থানীয় বাসিন্দাদের নিয়োগের দাবি জানিয়ে আসছি। বহিরাগত শিক্ষক নিয়োগের কারণে এ উপজেলার শিক্ষকস্বল্পতা দূর হচ্ছে না।’জগন্নাথপুর উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেন, ‘শিক্ষার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে শিক্ষার মূল ভিত্তি ধরেই শিক্ষানীতি চালু করতে যাচ্ছে, তাই শিক্ষকসংকট দূর করে প্রাথমিক শিক্ষার ভিত্তিকে শক্তিশালী করা হবে। আশা করছি, নতুন শিক্ষক নিয়োগ হলে জগন্নাথপুরবাসীর সমস্যা কিছুটা দূর হবে।’ তিনি জগন্নাথপুরের অনেক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বেসরকারিভাবে শিক্ষক নিয়োগের প্রশংসনীয় উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, এ কার্যকম আরও বাড়াতে হবে।