১১ প্রার্থীর বিরুদ্ধে ৪৭ মামলা
বগুড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ-সমর্থিত ও ‘বিদ্রোহী’ ১১ চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ৪৭টি মামলা রয়েছে। এর মধ্যে বিএনপি ও তাদের ১৯-দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতের সাত নেতার বিরুদ্ধেই ৩৫টি মামলা রয়েছে। এ ছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের চার নেতার বিরুদ্ধে নিজ দলের নেতা-কর্মী হত্যাসহ এক ডজন মামলা আছে। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় এসব মামলার কথা উল্লেখ করেছেন প্রার্থীরা।
জামায়াতের চার প্রার্থীর বিরুদ্ধে ২৩ মামলা: শেরপুর উপজেলা জামায়াতের আমির দবিবুর রহমানের বিরুদ্ধে ১০টি মামলা বিচারাধীন। প্রায় সবগুলোই বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া। এ ছাড়া একটি মামলায় তিনি খালাস পেয়েছেন। বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, গোয়েন্দা প্রতিবেদনে দবিবুর রহমানের বিরুদ্ধে বগুড়ায় সাম্প্রতিক সময়ে নাশকতায় অর্থ জোগান দেওয়ার অভিযোগ রয়েছে।
নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আমির নুরুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে ছয়টি মামলা বিচারাধীন। নন্দীগ্রাম থানার ওসি শাহজাহান আলী জানান, নুরুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে ২০১৩ সালের ৩ মার্চ সহিংসতার সময় থানায় হামলা, উপজেলা পরিষদে অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া একটি হত্যা মামলাও বিচারাধীন। এর মধ্যে থানায় হামলা মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
শাজাহানপুর উপজেলার বর্তমান চেয়ারম্যান মো. ইয়াছিন আলীর বিরুদ্ধে সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে শাজাহানপুর থানায় হামলা ও পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা এবং মুক্তিযোদ্ধা কার্যালয়ে হামলার ঘটনায় দুটি মামলা রয়েছে। থানায় হামলা মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
সহিংসতার এসব মামলা থেকে বাঁচতে ইয়াছিন আলী শাজাহানপুর থানার তৎকালীন ওসি মাহমুদুল আলমকে জমি লিখে দিয়ে ব্যাপক সমালোচিত হন।
শিবগঞ্জ উপজেলায় জেলা জামায়াতের নায়েবে আমির আবু নছর মো. আলমগীর হুসাইনের বিরুদ্ধে পাঁচটি মামলা বিচারাধীন। সবগুলোই বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় দায়ের হয়েছে। একটি মামলায় তিনি গ্রেপ্তারও হয়েছিলেন।
বিএনপির তিন প্রার্থীর বিরুদ্ধে এক ডজন মামলা: সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকিরের বিরুদ্ধে পাঁচটি মামলা বিচারাধীন। এর মধ্যে বিস্ফোরক দ্রব্য আইনে হওয়া দুটি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয়েছে। এ ছাড়া অতীতে ১৫টি মামলা ছিল। এর মধ্যে ১৩ মামলা থেকে অব্যাহতি, একটি প্রত্যাহার ও একটিতে তিনি খালাস পেয়েছেন।
শিবগঞ্জ উপজেলায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলমের বিরুদ্ধে দুটি মামলা চলমান। চারটি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।
আ.লীগের চার প্রার্থীর বিরুদ্ধেও এক ডজন মামলা: সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহীর বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন। জেলা পুলিশের অপরাধ শাখা জানিয়েছে, ২০১৩ সালে সারিয়াকান্দি পৌর ছাত্রলীগের সভাপতি বিজয় রহমান হত্যাকাণ্ডে আলমগীরকে প্রধান আসামি করে মামলা হয়। ওই মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে।
শাজাহানপুর উপজেলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ কে এম আছাদুর রহমান একই কমিটির সদস্য মজনু মিয়া ও তাঁর ভাতিজা নাহিদ মিয়া হত্যা মামলার প্রধান আসামি। সম্প্রতি পুলিশ আছাদুরকে অব্যাহতি দিয়ে অভিযোগপত্র দিলেও মজনুর স্ত্রী সুরভী বেগম অভিযোগপত্র প্রত্যাখ্যান করে নারাজি দিয়েছেন।
প্রার্থীদের বিরুদ্ধে মামলার ব্যাপারে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাজশাহী অঞ্চলের সমন্বয়ক সুব্রত কুমার পাল বলেন, ‘কোনো মামলায় দণ্ডিত না হওয়া পর্যন্ত কাউকে যেমন দোষী বলা যায় না, তেমনি কোনো প্রার্থীর বিরুদ্ধে অস্বাভাবিক মামলা থাকলে তিনি নিজেকে পরিচ্ছন্ন ব্যক্তিত্বের প্রার্থী বলেও দাবি করতে পারেন না।’