১১ প্রার্থীর সাতজনই আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে (উত্তরা) কাউন্সিলর পদে ১১ জন প্রার্থীর মধ্যে সাতজনই আওয়ামী লীগের। তাঁরা সবাই প্রচারণায় সক্রিয় আছেন। আর বিএনপির প্রার্থী হয়েছেন তিনজন। তবে মামলার কারণে তাঁরা আছেন দৌড়ের ওপর। জাতীয় পার্টির একজন প্রার্থী হয়েছেন।
উত্তরার ১ থেকে ১১ নম্বর সেক্টর নিয়ে ঢাকা উত্তর সিটির ১ নম্বর ওয়ার্ড। ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে এখানে কাউন্সিলর পদে সমর্থন দেওয়া হয়েছে উত্তরা থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আফছার উদ্দিন খানকে। তিনি ছাড়াও এখানে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আমীন মিলন, কৃষিবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, সদস্য মামুন সিরাজী, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুন সরকার ও সদস্য মোস্তাফিজুর রহমান।
গত দুই দিন এলাকায় ঘুরে এবং এই ওয়ার্ডে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের সাত প্রার্থীর মধ্যে দল-সমর্থিত আফছার উদ্দিনের বিরোধিতার ক্ষেত্রে বাকিরা সবাই এককাট্টা। কয়েকজন প্রার্থী অভিযোগ করেন, আফছার উদ্দিনের লোকজন তাঁদের পোস্টার ছিঁড়ে ফেলছেন এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিচ্ছেন।
তাঁদের মধ্যে আনোয়ারুল ইসলাম এই অভিযোগ নির্বাচন কমিশনেও করেছেন। তিনি বলেন, ‘আফছার উদ্দিন যদি যোগ্য প্রার্থীই হন, অন্যের পোস্টার ছেঁড়ার দরকার পড়ে কেন? ’ নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাঁকে গুম করে ফেলার ষড়যন্ত্রও চলছে বলেও তিনি অভিযোগ করেন। একই দলের মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, তাঁর পোস্টারও ছিঁড়ে ফেলা হচ্ছে। মাইকিং করতেও বাধা আসছে।
জাতীয় পার্টি-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী দলটির উত্তরা থানা শাখার সাধারণ সম্পাদক শরীফুল আলম সোহেলও অভিযোগ করেন, তাঁকে বসে যাওয়ার জন্য নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে ও তাঁর পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে।
অবশ্য আফছার উদ্দিন এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, তাঁর দলের আরও যে ছয়জন এখানে দাঁড়িয়েছেন, তাঁরা বিদ্রোহী প্রার্থী। এ বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ‘কেউ স্বতন্ত্র বা বিদ্রোহী বললে বলুক। আমি বঙ্গবন্ধুর সৈনিক। আফছার উদ্দিন ম্যানেজ করে দলের সমর্থন নিয়েছেন। স্থানীয় নেতা-কর্মীরা তা মানছেন না।’ কীভাবে ‘ম্যানেজ’ করেছেন-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা শিক্ষিত মানুষ, বুঝে নেন।’
কাউন্সিলর পদে দলীয় সমর্থন নিয়ে ক্ষোভ জানান আরেক প্রার্থী হারুনুর রশিদও। তিনি বলেন, ‘যিনি সারা বছর নিজের ব্যবসা নিয়ে থাকেন, এমন লোককে সমর্থন দেওয়াটা মানি না। এ কারণে আমরা বিদ্রোহী প্রার্থী হয়েছি।’ তিনি জানান, আফছারকে ঠেকাতে তিনি ও তাঁর লোকজন আনোয়ারুল ইসলামকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে যুবলীগের নেতা মামুন সরকার দাবি করেন, ‘আমি বিদ্রোহী প্রার্থী হয়ে প্রচার-জনসংযোগে অনেক সাড়া পাচ্ছি। শেষ পর্যন্ত আমি লড়ব।’
এখানে আওয়ামী লীগের এই পরিস্থিতি কেন তৈরি হলো—জানতে চাইলে উত্তরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবীব হাসান বলেন, ‘দলে স্থানীয় পর্যায়ে কিছু সমস্যার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। যাঁরা প্রার্থী হয়েছেন, সবারই এলাকাভিত্তিক প্রভাব-পরিচিতি আছে।’
বিএনপির তিনজন দৌড়ের ওপর: এই ওয়ার্ডে শুরুতে বিএনপি সমর্থন দিয়েছিল বিমানবন্দর থানা বিএনপির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান সেগুনকে। কিন্তু তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন দলের ঢাকা মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ও উত্তরা থানা কমিটির সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন। গত বৃহস্পতিবার এই ওয়ার্ডে বিএনপির সমর্থন পরিবর্তন করে কফিল উদ্দিনকে সমর্থন দেওয়া হয়।
দুজনেরই এলাকায় পোস্টার আছে। তবে তাঁরা কেউ প্রকাশ্যে নেই। গ্রেপ্তার এড়াতে অনেকটা দৌড়ের ওপর আছেন। কফিল উদ্দিন দাবি করেন, তাঁর বিরুদ্ধে ২০১০ ও ২০১২ সালে রাজনৈতিক শত্রুতাবশত দুটি ফৌজদারি মামলা হয়েছে উত্তরা পশ্চিম থানায়। এখনো তদন্তই শেষ করতে পারেনি পুলিশ। গ্রেপ্তারের আশঙ্কায় তিনি প্রকাশ্যে জনসংযোগ করতে পারছেন না। তবে তাঁর লোকজন মাঠে আছেন, প্রচার চালাচ্ছেন।
বিএনপির আরেক প্রার্থী মোস্তাফিজুর রহমানও আত্মগোপনে। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জনগণ তো প্রার্থীকে দেখতে চায়, প্রার্থীর ভালো-মন্দ বিচার-বিশ্লেষণ করতে চায়। কিন্তু ভয়-আতঙ্কে আমরা বেরই হতে পারছি না।’ তাঁর বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলা আছে। এর মধ্যে দুটি গত ফেব্রুয়ারিতে, বাকি দুটি ২০১২ সালে হয়েছে। তাঁর দাবি, সবগুলোই রাজনৈতিক হয়রানিমূলক মামলা।
বিএনপির উত্তরা থানার সাংগঠনিক সম্পাদক মো. হেলাল তালুকদারও এখানে কাউন্সিলর পদপ্রার্থী। তাঁর বিরুদ্ধে তিনটি ফৌজদারি মামলা আছে। তিনি বলেন, তিনি সব মামলায় জামিনে আছেন। তার পরও একটু রয়েসয়ে সতর্কতার সঙ্গে কাজ করছেন।