চট্টগ্রাম আদালতে দুই বিচারকের এজলাসে নিষিদ্ধঘোষিত সংগঠন জেএমবির জঙ্গিদের বোমা হামলার পৃথক দুটি মামলার বিচার ১১ বছরেও শেষ হয়নি। সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিতে আসতে না চাওয়ায় মামলা দুটি নিষ্পত্তিতে দেরি হচ্ছে বলে জানান সরকারি কৌঁসুলি। ২০১১ সালের ২৮ জুন থেকে চলতি বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত গত সাড়ে চার বছরে দুটি মামলায় একজন সাক্ষীও সাক্ষ্য দেননি। মামলা দুটি ঝুলে থাকার জন্য এটিকে বড় কারণ বলছেন আইনজীবীরা।
২০০৫ সালের ৩ অক্টোবর চট্টগ্রাম আদালতের দ্বিতীয় যুগ্ম জেলা জজ আবু সৈয়দ দিলজার হোসেন এবং মহানগর হাকিম আকরাম হোসেনের এজলাসে জেএমবির জঙ্গিরা আত্মঘাতী হামলা চালায়। সেদিন বইয়ের ভেতরে বোমা লুকিয়ে আদালতে এনে প্রায় একই সময়ে ভিন্ন দুটি কক্ষে দুজন বিচারকের এজলাসে তা ছুড়ে মারে জঙ্গিরা। তবে বোমা দুটি বিস্ফোরিত না হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলা হয়। বর্তমানে অতিরিক্ত চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দুটির বিচার চলছে। কিন্তু ওই আদালতে দুই মাস ধরে বিচারক না থাকায় এখন চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. শাহজাহান কবিরের আদালতে দুটি মামলার শুনানি চলছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও মামলার সাক্ষী জ্যেষ্ঠ আইনজীবী মানিক দত্ত বলেন, সেদিন বিচারক আকরাম হোসেনের আদালতে তিনিও ছিলেন। ছুড়ে মারা বোমাটি তাঁর মাথার ওপর দিয়ে বিচারকের টেবিলের ওপর পড়ে। পরে পুলিশ ও আইনজীবীরা ধাওয়া দিয়ে জঙ্গি শাহাদাতকে ধরে ফেলেন। বোমাটি বিস্ফোরিত হলে এজলাসে থাকা কেউ বাঁচত না।
মামলা দুটিতে আসামি করা হয়েছে জেএমবি চট্টগ্রামের সাবেক কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ, শাহাদাত আলী ও জেএমবির বোমা তৈরির কারিগর জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান। এর মধ্যে দুজন কারাগারে রয়েছেন। অন্য আসামি জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানকে আড়াই বছর আগে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় অন্য জঙ্গিরা। এরপর তাঁকে আর গ্রেপ্তার করা যায়নি। ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে হাজিরা দেওয়ার জন্য ময়মনসিংহ আদালতে নেওয়ার পথে ত্রিশাল এলাকায় প্রিজন ভ্যানে গুলি ও বোমাবর্ষণ করে তিন জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়। ওই তিনজনের একজন বোমা মিজান। ওই ঘটনায় জঙ্গিদের গুলি ও বোমা বিস্ফোরণে এক পুলিশ সদস্য মারা যান।
২০০৮ সালের ২৭ জানুয়ারি একসঙ্গে দুটি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। দ্বিতীয় যুগ্ম জেলা জজ আবু সৈয়দ দিলজার হোসেনকে হত্যাচেষ্টার মামলায় সাক্ষী ২৮ জন। এর মধ্যে সাক্ষ্য দেন ১৯ জন। অপরদিকে মহানগর হাকিম আকরাম হোসেনকে হত্যাচেষ্টার মামলায় ২৯ সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন ২২ জন।
সরকারি কৌঁসুলি আবিদ হোসেন জানান, ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে দুটি মামলায় ৩৮ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। এরপর দীর্ঘ সাড়ে চার বছর কেউ সাক্ষ্য দেননি। সর্বশেষ এ বছরের জানুয়ারিতে আকরাম হোসেনকে হত্যাচেষ্টার মামলায় একজন এবং গত ১৭ আগস্ট আবু সৈয়দ দিলজার হোসেনকে হত্যাচেষ্টার মামলায় দুজন সাক্ষ্য দেন। ওই দিনই দুটি মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করেন বিচারক।
আবিদ হোসেন বলেন, মামলা দুটিতে গ্রেপ্তার আসামিদের ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় পরীক্ষা করা হবে ৬ অক্টোবর। এরপর যুক্তিতর্ক শুনানি শুরু হবে। তারপর রায় ঘোষণা হতে পারে।
১১ বছরেও বিচারকের এজলাসে বোমা হামলার মামলা নিষ্পত্তি না হওয়া দুঃখজনক বলে মন্তব্য করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রাম আদালতে ২০০৫ সালের ১৭ আগস্ট, ৩ অক্টোবর ও ২৯ নভেম্বর তিন দফায় বোমা হামলা চালিয়েছে জঙ্গিরা। এর মধ্যে ২৯ নভেম্বর আদালত ভবনের মূল ফটকে বোমা হামলার ঘটনায় এক পুলিশসহ দুজন মারা গেছেন। শুধু ১৭ আগস্টে বোমা হামলা মামলার নিষ্পত্তি হয়েছে। বাকি দুটি মামলার দ্রুত নিষ্পত্তি হওয়া দরকার। তিনি বলেন, পলাতক জঙ্গিদের দ্রুত গ্রেপ্তার করারও দাবি জানান তিনি।