১১ বছর পর আজ রাজশাহী জেলা ছাত্রলীগের সম্মেলন
টানা ১১ বছর পর আজ বুধবার রাজশাহী জেলা ছাত্রলীগের সম্মেলন হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজের কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা৷
সম্মেলনের উদ্বোধন করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। সভাপতিত্ব করবেন জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি রোকনুজ্জামান ওরফে রিন্টু। প্রধান অতিথি থাকবেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাংসদ আখতার জাহান, সাধারণ সম্পাদক ও সাংসদ ওমর ফারুক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সম্মেলন উপলক্ষে নেতা-মন্ত্রীদের ছবিসংবলিত ব্যানারে ছেয়ে গেছে অনুষ্ঠানস্থল। এদিকে নতুন কমিটির দায়িত্ব পাওয়ার আশায় ছাত্রলীগের নেতারা সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকে দৌড়ঝাঁপ শুরু করেছেন। তাঁরা কেন্দ্রীয় কমিটির নেতা থেকে শুরু করে রাজশাহীর আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের কাছে ধরনা দিচ্ছেন। এই সম্মেলনে সভাপতি পদের জন্য ১০ জন এবং সাধারণ সম্পাদক পদের জন্য ২০ জন নেতা তাঁদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সহসভাপতি কামরুল হাসান ওরফে মিঠু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারদিন ও চারঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মাহামুদুল হাসান ওরফে মামুন এবং সাধারণ সম্পাদক পদে জেলা ছাত্রলীগের স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক মোফাজ্জল হক ওরফে নাসিম এবং রাজশাহী কলেজ ছাত্রলীগের নেতা সোহেল রানার নাম আলোচিত হচ্ছে।
সর্বশেষ ২০০৩ সালে রাজশাহী জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভোটাভুটিতে জি এম হীরা বাচ্চু জেলা ছাত্রলীগের সভাপতি এবং কামরুল হাসান ওরফে সুজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এরপর আর সম্মেলন হয়নি। শুধু ২০১০ সালে আগের কমিটি ভেঙে দিয়ে কেন্দ্র থেকে জেলা ছাত্রলীগের নতুন আরেকটি কমিটি গঠন করে দেওয়া হয়। এতে রোকনুজ্জামানকে সভাপতি এবং মামুনুর রশিদ সরকারকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
এদিকে ২০১০ সালের কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সরকার সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করায় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারদিন বর্তমানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।