১১ বছর পর কাঞ্চন পৌরসভার নির্বাচন আজ
দীর্ঘ ১১ বছর পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নির্বাচন আজ শনিবার। নির্বাচন উপলক্ষে বিিভন্ন ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন৷
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ওই পৌরসভায় ১৩টি ভোটকেন্দ্রের ৮৩টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হবে। এখানে মোট ভোটার ৩১ হাজার ২৪৯ জন৷ এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮২২ ও মহিলা ভোটার ১৫ হাজার ৪২৭ জন৷ এবারের নির্বাচনে মেয়র পদে চারজন, পুরুষ কাউন্সিলর পদে ৪৩ জন ও মহিলা কাউন্সিলর পদে ১১ জন অংশ নিচ্ছেন৷
মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি-সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র মজিবুর রহমান ভুইয়া, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী যুবলীগ নেতা রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়ান আবুল বাশার ও আবুল কাশেম মাওলা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওমর ফারুক জানান, এই পৌরসভা নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষ্যে সাতজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজন বিচারিক হাকিম ও ছয়জন নির্বাহী হাকিম রয়েছেন৷ গত মঙ্গলবার বিকেল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে বিপুল পরিমাণ পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অবস্থান নিয়েছেন। আশা করি, ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন৷ কেউ গোলযোগের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।