১১ বছর পর গ্রেপ্তার আসামি কাজল কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিবরিয়া হত্যা মামলা
কিবরিয়া হত্যা মামলা

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি কাজল মিয়াকে (২৮) গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। কাজল ১১ বছর ধরে পলাতক ছিলেন। পুলিশ গত শুক্রবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে।
হবিগঞ্জ সদর মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ওই থানার পুলিশের একটি দল পশ্চিম ভাদৈ গ্রামে কাজল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। কাজল মিয়া মৃত রঙ্গু মিয়ার ছেলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, কাজল কিবরিয়া হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি। গতকাল বেলা দেড়টায় তাঁকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী নিহত হন। আহত হন ৭০ জন। এ ব্যাপারে ঘটনার পরদিন ২৮ জানুয়ারি হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় হবিগঞ্জ সদর থানায়। হত্যা মামলায় সিআইডি পুলিশ ২০১৪ সালের ২১ ডিসেম্বর ৩২ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয়। পাশাপাশি বিস্ফোরক মামলায় অভিযোগপত্র দেওয়া হয় ২০১৫ সালের ১১ আগস্ট। আলোচিত এ হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী (সদ্য হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন), হবিগঞ্জ পৌরসভার মেয়র (সাময়িক বরখাস্ত) জি কে গউছ, মুফতি হান্নানসহ ১৫ জন গ্রেপ্তার হয়েছেন। পলাতক রয়েছেন নয়জন। একজন আসামি ভারতে মারা গেছেন এবং একজন আসামির ঠিকানা পুলিশ খুঁজে পায়নি। তাই এ দুজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে।