
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি কাজল মিয়াকে (২৮) আজ শনিবার দুপুরে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। পলাতক থাকার ১১ বছর গতকাল শুক্রবার রাতে হবিগঞ্জ সদর থানার পশ্চিম ভাদৈ গ্রাম থেকে গ্রেপ্তার হন তিনি।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. ইয়াছিনুল হক প্রথম আলোকে জানান, কাজল মিয়া কিবরিয়া হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ আওয়ামী লীগের পাঁচ নেতা কর্মী নিহত হন। আহত হন ৭০ জন। এ ব্যাপারে ঘটনার পর দিন ২৮ জানুয়ারি হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় হবিগঞ্জ সদর থানায়। হত্যা মামলায় সিআইডি পুলিশ ২০১৪ সালের ২১ ডিসেম্বর ৩২ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয়। পাশাপাশি বিস্ফোরক মামলায় অভিযোগপত্র দেওয়া হয় ২০১৫ সালের ১১ আগস্ট। এ আলোচিত হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী (সদ্য হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন), হবিগঞ্জ পৌরসভার মেয়র (সাময়িক বরখাস্ত) জি কে গউছ ও মুফতি হান্নানসহ ১৫ জন গ্রেপ্তার আছেন। পলাতক আছেন ৯ জন এবং জামিনে আছেন ১০ জন। একজন আসামি ভারতে মারা গেছেন এবং একজন আসামির ঠিকানা পুলিশ খোঁজে পায়নি। তাই এ দুজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে।