১১ বছর পর বিচার বিভাগীয় তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দায় পুলিশি হেফাজতে মনোয়ারুল ইসলাম ওরফে সাগরের মৃত্যুর ১১ বছর পর বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। গতকাল সোমবার বিকেলে নওগাঁর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম জাহাঙ্গীর আলম ওই ঘটনার তদন্ত শুরু করেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক আদেশের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম জাহাঙ্গীর আলম তাঁর খাসকামরায় পাঁচজনের জবানবন্দি গ্রহণ করেন। সাগরের ছোট বোন ফাতেমাতুজ্জোহরা, স্ত্রীর বড় ভাই মঞ্জুরুল আলম ও নজরুল ইসলাম, প্রতিবেশী সুলাইমান আলী ও মাহবুব আলী হাকিমের কাছে জবানবন্দি দেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৬ সালে মান্দার চৌবাড়িয়া হাটে সন্ত্রাসী হামলায় চার পুলিশ সদস্যসহ পাঁচজনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে ওই বছরের ৬ সেপ্টেম্বর পোরশা থেকে মনোয়ারকে আটক করে পুলিশ। পরদিন ভোরে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মান্দা থানায় একটি অপমৃত্যুর মামলা করে। পরে ওই বছরের ১৫ সেপ্টেম্বর মনোয়ারের মা মর্জিনা আলম শাহ মান্দা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদার রহমান, এসআই তোফাজ্জল হোসেন খান ও শাকিল আহমেদ, পোরশা থানার ওসি আনিসুর রহমান, মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আইয়ুব আলীসহ আটজনের বিরুদ্ধে নওগাঁ আমলি আদালতে (মান্দা) হত্যা মামলা করেন। আদালত অভিযোগটি গ্রহণ করে ঘটনা তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।

২০১১ সালে সিআইডি আদালতে জমা দেওয়া তাঁদের তদন্ত প্রতিবেদনে এ মৃত্যুকে অসুস্থতাজনিত মৃত্যু হিসেবে উল্লেখ করলে বাদীপক্ষ এর বিরুদ্ধে নারাজি আবেদন করে। আসামি তোফাজ্জল হোসেন খানের করা একটি রিট মামলার আপিলের শুনানি নিয়ে রিটটি নামঞ্জুর করে ঘটনাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গত ৩১ মে এই আদেশ দেন। আদেশ পাওয়ার ছয় সপ্তাহের মধ্যে এই তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ।

বিচরিক আদালতে মনোয়ারের মায়ের দায়ের করা মামলার আইনজীবী মহসিন রেজা বলেন, আসামিপক্ষ বেশ কয়েকবার মামলাটিকে বিলম্বিত করার জন্য হাইকোর্টে রিট করেছে। সর্বশেষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটি রিট আপিলের শুনানি নিয়ে মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে তদন্ত কার্যক্রম শুরু হলো।